মনের ঝাল মেটাতেই এসব!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা ওরফে মাসুদের বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ এনে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলামসহ শীর্ষ দুই নেতা। গত মঙ্গলবার শিবগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করা হয়।
থানায় দায়ের এজাহারে যুবলীগ নেতা সোহেল রানার রাজনৈতিক পরিচয় গোপন করে তাঁর বিরুদ্ধে দল, দলীয় প্রতীক, বঙ্গবন্ধু এবং দলীয় সভানেত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগ আনা হয়। একই সঙ্গে সোহেল রানা জঙ্গি সংগঠনে জড়িত দাবি করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়েছে।
লিখিত আবেদনে আওয়ামী লীগের নেতারা উল্লেখ করেন, ফেসবুকে নিজের টাইম লাইনে যুবলীগ নেতা সোহেল রানা স্ট্যাটাস দেন ‘দাও কুড়াল হাতে নাও, নৌকা চিরে চুলায় দাও’। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
তবে যুবলীগ নেতা সোহেল রানা দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের শতবর্ষী একটি শ্মশানের জায়গা দখল করেন। এ ঘটনায় ফেসবুকে ‘এই নেতার কত জায়গা দরকার!’ এমন একটি মন্তব্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজিজুল ইসলাম তাঁকে জঙ্গি সাজানোর অপতৎপরতা শুরু করেছেন।
সোহেল রানা বলেন, তিনি যুবলীগের সভাপতির দায়িত্ব পালনের আগে দীর্ঘদিন একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন। তাঁর বাবা হাতেম আলী ময়দানহাটা ইউনিয়ন পরিষদের পাঁচ দফা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ২০১৩ সালে মারা যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য ছিলেন। তাঁর গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অথচ তুচ্ছ একটি বিষয় নিয়ে উপজেলা কমিটির সভাপতি দলের নাম ভাঙিয়ে তাঁর নামে থানায় অভিযোগ দিয়েছেন। এখন পুলিশের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
থানা-পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবা হাতেম আলীর মৃত্যুর পর চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল রানা। তিনি দলীয় মনোনয়ন চান। কিন্তু উপজেলা আওয়ামী লীগ অন্য একজনকে মনোনয়ন দিতে দলীয় সভানেত্রীর কাছে সুপারিশ করলে উপজেলা সভাপতির সঙ্গে ওই যুবলীগ নেতার মনোমালিন্য তৈরি হয়।
আজিজুল ইসলাম বলেন, ফেসবুকে আওয়ামী লীগের প্রতীক নৌকা সম্পর্কে কটাক্ষ করে মন্তব্য করেন সোহেল রানা। এতে তাঁর সঙ্গে জঙ্গি সংগঠনের জড়িত থাকার সন্দেহ হয়। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা আওয়ামী লীগ যুবলীগকে লিখিতভাবে চিঠি দেয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় ৯ আগস্ট থানায় মামলা দেওয়া হয়েছে।
সোহেল রানা অবশ্য ফেসবুকে ওই মন্তব্যের ব্যাপারে বলেন, ‘আজিজুল ইসলামের আস্থাভাজন তানজির রহমান নামে এক যুবক কম্পিউটার কারসাজি করে আমার ফেক আইডি বানিয়ে কাজটি করে। তারপর নৌকা প্রতীক নিয়ে আপত্তিকর মন্তব্য দিয়ে নিজের ফেসবুকে আমার ভুয়া আইডির স্ক্রিনশটটি আপলোড করে। আমাকে জঙ্গি সাজাতে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে।’
শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার বলেন, সোহেল রানাকে ষড়যন্ত্রমূলকভাবে জঙ্গি বানানোর চেষ্টা হচ্ছে।
থানায় দাখিল করা এজাহার সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘সোহেল রানা পারিবারিকভাবেই আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাঁর সঙ্গে জঙ্গি তৎপরতার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগে কী লেখা ছিল, সেটাও আমি পড়ে দেখিনি। সভাপতি কাগজে স্বাক্ষর চেয়েছেন। তাতে আমি স্বাক্ষর করেছি মাত্র।’
শিবগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সভাপতির দায়ের করা লিখিত অভিযোগে সোহেল রানার রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। অভিযোগের প্রাথমিক তদন্তে সোহেল রানার বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে মনোমালিন্য থেকেই দুজনের মধ্যে এই বিরোধ তৈরি হয়েছে।