মনের তাগিদে আয়োজন বর্ষবরণের

আর মাত্র চার দিন পর পয়লা বৈশাখ। বাংলা নতুন সন দুয়ারে। দিকে দিকে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতি চলছে। বর্ষবরণে এখন সাজসাজ রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশেষ করে বাঙালির প্রাণের উৎসব বৈশাখবরণে প্রস্তুতিতে দম ফেলার ফুরসত নেই চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। পয়লা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে প্রস্তুতি চলছে পুরোদমে।
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরাই প্রথম পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন। সেই থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির বর্ষবরণে এনেছে নতুন মাত্রা। গ্লানি আর পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে বর্ষবরণের সকালে হাজার হাজার মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়।
চারুকলায় ঘুরে দেখা গেছে, সেখানকার ছাত্রছাত্রীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ লোকজ স্ট্রাকচার, পুতুল, মুখোশ, মাটির জিনিসে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করছেন, কেউ নিজেদের তৈরি এসব জিনিস বিক্রি করছেন, কোনো শিক্ষার্থীরা আবার বিদেশি পর্যটকদের তথ্য দিচ্ছেন, কেউ আবার বাইরে থেকে দেখতে আসা অতিথিদের সময় দিচ্ছেন। মনকে উদার ও মুক্ত করার আহ্বানে এবারের শোভাযাত্রার স্লোগান ‘অন্তর মম বিকশিত কর অন্তরতর হে...’।
এবারের শোভাযাত্রার দায়িত্বে থাকা চারুকলার ১৭তম ব্যাচের ছাত্র সাইফুল ইসলাম বলেন, এবারের আয়োজনে কিছু ভিন্নতা আনা হয়েছে। আলাদা ভাবনা নিয়ে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। যেমন মা ও শিশু, মহিষ, নৌকা, হাতি প্রভৃতির ফ্রেম। প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, বৈশাখে চারুকলায় তিন দিন ধরে অনুষ্ঠান হবে। আগের দিন চৈত্রসংক্রান্তি, বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা এবং পরের দিন যাত্রাপালা। মঙ্গল শোভাযাত্রা সকাল আটটার দিকে শুরু হবে বলে তিনি জানান।
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে এবারই প্রথম কাজ করা চারুকলা প্রথম বর্ষের শিক্ষার্থী মীর সাজ্জাদুল হক বলেন, ‘ছোটবেলায় টিভিতে মঙ্গল শোভাযাত্রা দেখতাম, খুব ভালো লাগত। এখন নিজেই এর প্রস্তুতিতে কাজ করতে পারছি। অসম্ভব ভালো লাগছে। অনেক মজা করে বন্ধুদের নিয়ে শোভাযাত্রায় অংশ নেব।’
শোভাযাত্রার প্রস্তুতির জন্য থেমে নেই ক্লাস কিংবা পরীক্ষা। এসবের ফাঁকেই সময় বের করে প্রস্তুতির কাজ করছেন শিক্ষার্থীরা। পরীক্ষার ছবি আঁকায় ব্যস্ত শিক্ষার্থী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন পরীক্ষা দিচ্ছি। একটু পরই শোভাযাত্রার কাজ করব। মনের তাগিদে আমরা সবাই এখানে কাজ করি। কাউকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।’
মুখোশ ও ভুভুজেলা ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে আনিকা তাসনিম বলেন, ‘আমি অনেক খুশি যে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। কানের কাছে বাঁশি বাজিয়ে ছেলেরা মেয়েদের টিজ করে থাকে। এখন সেই সুযোগটা থাকবে না। তা ছাড়া ভুভুজেলা আমাদের সংস্কৃতির অংশও নয়।’
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কেমন চলছে, সেটা একনজর দেখতে এসেছেন অনেকে। চারুকলার বাইরেও রয়েছে উৎসবের আমেজ। ঘুরতে এসে লোকজ সংস্কৃতির জিনিস কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। জিনিসগুলো চারুকলার শিক্ষার্থীরাই তৈরি করছেন।