মনোনীত প্রার্থীর পক্ষে নেই বিএনপির নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি-মনোনীত মেয়র পদপ্রার্থী মতিয়ার রহমানকে সমর্থন দিচ্ছেন না স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে তাজুল ইসলামকে নারকেলগাছ প্রতীকে দাঁড় করিয়েছেন। ওই প্রার্থীর পেছনেই তাঁরা এখন এককাট্টা হয়েছেন।
বিএনপির সাত-আটজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমের সঙ্গে সাবেক পৌর কমিটির সভাপতি ও বর্তমান জেলা কমিটির সদস্য মতিয়ার রহমানের দীর্ঘদিনের দ্বন্দ্ব। একে অপরকে তাঁরা ‘রাজনৈতিক কাঁটা’ হিসেবে দেখেন। বর্তমানে শাহে আলমের অনুসারীরা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃত্বে রয়েছেন। পৌরসভা নির্বাচনে শাহে আলমের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও পৌর বিএনপির আহ্বায়ক বুলবুল ইসলাম মেয়র পদে দলীয় মনোনয়ন চান। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পান মতিয়ার রহমান। এ কারণে মতিয়ার রহমান ‘ধানের শীষ’ প্রতীক পেলেও কোনো নেতা-কর্মী তাঁর সঙ্গে নেই।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা অভিযোগ করেন, মতিয়ার রহমানের উপজেলা বা পৌর কমিটির সদস্যপদ পর্যন্ত নেই। গত দেড় বছরে দলীয় কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের নিয়ে সখ্য গড়েছেন। এ অবস্থায় দল তাঁকে মনোনয়ন দিয়ে ভুল করেছে। মতিয়ারের সঙ্গে তাই বিএনপির কোনো নেতা-কর্মীর সঙ্গে থাকার প্রশ্ন ওঠে না।
বেড়াবালা ওয়ার্ডের ভোটার তছলিম উদ্দিন বলেন, বিএনপি-মনোনীত প্রার্থীর সঙ্গে দলীয় নেতা-কর্মী নেই, এটা দুঃখজনক। ভোটের ময়দানে এর প্রভাব পড়তে শুরু করেছে।
পৌর বিএনপির আহ্বায়ক বুলবুল ইসলাম বলেন, ‘মতিয়ার রহমান দলীয় মনোনয়ন পাওয়ার আগে ও পরে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। তাই আমরা তাঁর সঙ্গে যাইনি।’ তাজুল ইসলাম বলেন, বিএনপির মনোনয়নে পক্ষপাত করা হয়েছে। যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর সঙ্গে দলীয় কোনো নেতা-কর্মীর সম্পর্ক পর্যন্ত নেই।
এ বিষয়ে মতিয়ার রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীদের কাজ না করার বিষয়টি জেলা কমিটির নজরে আছে। নির্বাচন তদারকি কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, ‘আমি মনোনয়ন পেয়ে কাউকে বলিনি এ অভিযোগ সত্য নয়। দলীয় মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমি সব নেতা-কর্মীকে ফোন করেছি।’