চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।
আগামী ২০ আগস্ট কর্ণফুলী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ জুলাই মনোনয়নপত্র বাছাই হবে। ২ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
কর্ণফুলী উপজেলা নির্বাচন কার্যালয় ও চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ফারুক চৌধুরী, বিএনপি থেকে এস এম ফোরকান, জাতীয় পার্টি থেকে বোরহান উদ্দিন ফারুকী, ইসলামিক ফ্রন্ট থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বতন্ত্র থেকে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দিদারুল ইসলাম, বিএনপি থেকে মোহাম্মদ ওসমান, ইসলামী ফ্রন্ট থেকে মোহাম্মদ মুছা, ইসলামিক ফ্রন্ট থেকে নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহবুব আলম এবং মোহাম্মদ ইয়াছিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে বানাজা বেগম, বিএনপি থেকে উম্মে মিরজান শামীম, জাতীয় পার্টি থেকে মুন্নি বেগম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেজিয়া বেগম মনোনয়ন জমা দিয়েছেন।