মনোনয়ন দৌড়ে আ.লীগে পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে প্রচারণায় নেমেছেন পাঁচজন। তাঁরা ব্যক্তিগত উদ্যোগে প্রচারণা চালাচ্ছেন। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র বিএনপিতে। মেয়র পদে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনা হলেও তাঁদের পক্ষে সক্রিয় কোনো প্রচারণা নেই। হয়রানির ভয়ে এখনই মাঠে নামতে চাইছেন না বিএনপির সম্ভাব্য প্রার্থীরা।
আওয়ামী লীগ-সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ওরফে ফয়সল, নোয়াখালী-২ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণের বড় ভাই মো. খালেদ সাইফুল্লাহ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল বাসার ওরফে স্বপন, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক ওরফে টিপু ও জেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ সহিদ।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম জাফর উল্লা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ বড় দল। দলে একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। ৩০ নভেম্বর জেলা আওয়ামী লীগের বৈঠকে দলের মনোনয়নের বিষয়ে আলোচনা হবে। পরে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হবে।
মেয়র পদে বিএনপির চারজনের নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন ওরফে হারুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল আজিম ওরফে সুমন, পৌর বিএনপির সহসভাপতি মোর্শেদ আলম, সদস্য জুলফিকার আলী।
জানতে চাইলে মঞ্জুরুল আজিম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নির্বাচনের প্রস্তুতি রয়েছে তাঁর। দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
দলের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম বলেন, মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা ব্যক্তিগতভাবে প্রচারণা চালাচ্ছেন। তবে যাঁকেই দলীয় মনোনয়ন দেওয়া হোক না কেন, সবাই তাঁর পক্ষে কাজ করবে।
কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির কমপক্ষে দুই ডজন সম্ভাব্য প্রার্থী মাঠে মেনেছেন। দলের সমর্থন পেতে নেতাদের কাছে গিয়ে ধরনা দিচ্ছেন কেউ কেউ। নির্বাচনী মাঠে বর্তমান কাউন্সিলদের পাশাপাশি প্রচারণা চলাচ্ছেন বেশ কয়েকজন তরুণ প্রার্থীও। তাঁদেরই একজন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চৌমুহনী পৌর বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তিনি কাউন্সিলর পদে প্রার্থী হবেন।