মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া ইমতিয়াজ সুলতান নামের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা কিশোরগঞ্জ শহরে মিছিল ও বিক্ষোভ করেছেন।
গতকাল শনিবার তাঁরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। এ সময় তাঁরা প্রায় আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। এতে শহরের মূল সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিগত ইউপি নির্বাচনে ইমতিয়াজ সুলতান মাত্র সাত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। অথচ যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তাঁরা অবিলম্বে এ মনোনয়ন বাতিল করে ইমতিয়াজ সুলতানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এই ইউনিয়নে জাহেদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইমতিয়াজ সুলতান বলেন, ‘সদর আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেয়নি। মনোনয়ন দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আমি জেলা আওয়ামী লীগের নেতাদের জানিয়েছি। তাঁরা যদি রোববার ১০টার মধ্যে মনোনয়নের সিদ্ধান্ত পরিবর্তন না করেন, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’
কিশোরগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের করার কিছু নেই। আমরা শুধু কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। কেন্দ্র থেকেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।’