শরীয়তপুরের জাজিরা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনয়নের প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ ও সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত এক প্রার্থীর সমর্থকেরা।
জাজিরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইউনুছ ব্যাপারী। এই মনোনয়নের বিরোধিতা করে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে আক্কাস মুন্সীর সমর্থকেরা। গতকাল বিকেল পাঁচটার দিকে তাঁর সমর্থকেরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা ব্যাংক মোড়ে সমাবেশ করেন।
রফিকুল ইসলাম বলেন, ‘তৃণমূল থেকে আমার নাম প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ষড়যন্ত্র করে ইউনুছ ব্যাপারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এ মনোনয়ন মানি না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. ইউনুছ ব্যাপারী বলেন, ‘আমার কাজের মূল্যায়ন করে দল আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। কিছু মানুষ মনোনয়নবঞ্চিত হয়ে কর্মসূচি পালন করতে পারে।’