মনোনয়ন নিয়ে আ.লীগের বিভাজন পেল নতুন মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র পদের মনোনয়ন দিয়ে উপজেলা আওয়ামী লীগের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। বিরোধীপক্ষের দলীয় প্রার্থীর পক্ষে না থাকার সিদ্ধান্ত নিয়েছে ওই পক্ষ। তারা ওই সিদ্ধান্তের কথা জানিয়ে গত সোমবার রাতে পৌর শহরে মিছিলও করেছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চাওয়ার পরও তা পাননি শহর আওয়ামী লীগ সভাপতি ইফতেখার হোসেন। মনোনয়ন দেওয়া হয় সাবেক মেয়র ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফখরুল আলমকে।
গত সোমবার রাতে ইফতেখার হোসেনকে সঙ্গে নিয়ে একটি পক্ষের নেতা-কর্মীরা শহরে মিছিল ও সমাবেশ করে দলীয় প্রার্থীর বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভৈরব শহরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
ইফতেখার হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী না হলেও রায় মেনে নিইনি। এককথায় দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব না।’
দলীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ফখরুল আলম ছিলেন সায়দুল্লাহ পক্ষের আর মনসুর পক্ষের ইফতেখার। মনোনয়ন প্রতিযোগিতায় সায়দুল্লাহ পক্ষের জয়ী হওয়ার বিষয়টিকে সহজে মেনে নিতে পারেনি মনসুর পক্ষ। এত দিন ক্ষোভ চেপে রাখলেও সোমবার তারা তাদের অসন্তোষের কথা প্রকাশ করে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, মনোনয়নবঞ্চিত হওয়ার পর ইফতেখার ঢাকায় অবস্থান করছিলেন। সোমবার তিনি ট্রেনে ভৈরবে আসেন। রাত সোয়া আটটার দিকে ট্রেন থেকে নামার পর মনসুর পক্ষের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন এবং নির্বাচনে পক্ষটির ভূমিকা কী হবে, সে ব্যাপারে তাঁর দিকনির্দেশনা চান।
এ সময় প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সমাবেশে আবুল মনসুর বলেন, অদৃশ্য শক্তির ইশারায় এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি কোনো দিন দলীয় সিদ্ধান্ত মানেননি। সর্বশেষ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নাজমুল হাসানের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। এখন বিএনপির বহিষ্কৃত নেতা গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে অপরাজনীতি করছেন।
এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, যুবলীগ সভাপতি উমর ফারুক প্রমুখ বক্তৃতা করেন। পরে ইফতেখার হোসেনকে নিয়ে শহরে মিছিল অর্ধশত মোটরসাইকেল নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সায়দুল্লাহ মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে সায়দুল্লাহ পক্ষের উপজেলা কমিটির সহসভাপতি মির্জা সুলায়মান বলেন, দল যোগ্য প্রার্থীকেই সমর্থন জানিয়েছে। কারণ, ফখরুল আলম টানা দুবারের সফল মেয়র ছিলেন। দলীয় প্রার্থীর বিপক্ষে গেলে কেউ কোনোভাবেই শাস্তি এড়াতে পারবে না। মনসুর পক্ষ বিএনপি প্রার্থী শাহিনের হয়ে অনেক আগ থেকে কাজ করছিল বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের প্রার্থী ফখরুল আলম বলেন, ‘মনসুর ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেয়ায়েত উল্লাহ সম্পর্কে বেয়াই। দুই বেয়াই মিলে দলটাকে বারোটা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সফল হচ্ছেন না। আর ইফতেখার কেন্দ্রে মনোনয়ন চাইতে গেছেন একা। এ থেকেই তাঁর রাজনৈতিক অন্তঃসারশূন্যতার প্রমাণ মেলে।’ দলের বিরুদ্ধে কাজ এবং বিএনপি নেতাকে নিয়ে অপরাজনীতি করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে দলীয় প্রতিপক্ষের রাজনীতিকে নাবালকের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন ফখরুল আলম।
ফখরুল আলমের করা মন্তব্য সম্পর্কে শেফায়েত উল্লাহ বলেন, ‘বেয়াই হলো পারিবারিক সম্পর্ক। কিন্তু আমরা রাজনীতি করি যোগ্যতাবলেই। সবাই জানে দুর্দিনে দল আমাদের দ্বারা লাভবানই হয়, বারোটা বাজে না।’
ভোটাররা বলছেন, নিজ দলের একটি অংশের বিরাগভাজন হলেও বিএনপির অপর একটি অংশের শুভদৃষ্টি আছে আওয়ামী লীগের প্রার্থী ফখরুল আলমের ওপর।