মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন ঘিরে নীলফামারীর সৈয়দপুরের মনোনয়নপ্রত্যাশীরা এখন মাঠে। এবার দলীয় মনোনয়ন ও প্রতীকে ভোট হবে। তাই মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দুশ্চিন্তার অন্ত নেই। মনোনয়ন কাকে দেওয়া হবে, তা নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে।
আওয়ামী লীগ দলীয় সূত্রমতে, নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন, তা এখনো ঠিক হয়নি। তবে তাতেও প্রচারণায় কেউ কম যাচ্ছেন না। দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সদস্য সাখাওয়াৎ হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি পি কে সাইদুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি দিলনেওয়াজ খানসহ অনেকে।
পৌর আওয়ামী লীগের সদস্য সাখাওয়াৎ হোসেন বলেন, ‘দল মনোনয়ন দিলে আমি অবশ্যই নির্বাচন করব। জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।’
পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার বলেন, যোগ্য প্রার্থী যাতে মনোনয়ন পান, সে জন্য হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির সৈয়দপুর জেলা শাখা দলীয় কার্যালয়ে সভা করেছে। তাদের দলীয় সূত্র জানায়, দলটির মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে মেয়র আমজাদ হোসেন সরকার আবার মেয়র পদে লড়বেন।
বিএনপির প্রার্থী আমজাদ গতকাল বৃহস্পতিবার বলেন, তিনি অবশ্যই মেয়র পদে লড়বেন। তবে ভোটের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান বলে জানান।
জাতীয় পার্টি থেকেও সৈয়দপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী দেওয়া হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। দলের তৃণমূল পর্যায়ে কর্মীরা চান মেয়র পদে শিল্পপতি সিদ্দিকুল আলমকে। তবে এখনো দলটি সিদ্ধান্ত নেয়নি ওই পদে কে লড়বেন। জাতীয় পার্টিতে মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় পৌর কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন ও সদস্য জাকির হোসেন তালুকদারের নাম শোনা গেছে।
তবে দলগুলোর মতে, কাউন্সিলর পদে যেহেতু দলীয় প্রতীক থাকছে না, সেহেতু প্রতিটি ওয়ার্ডে দলের একাধিক প্রার্থী এ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা নূরুন নাহার বলেন, সৈয়দপুর পৌরসভার ভোটার সংখ্যা ৮৪ হাজার ৭৫ জন। পৌরসভায় ১৫টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডেই নির্বাচনী তৎপরতা চলছে। এ জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।