মনোনয়ন পেতে আ.লীগ বিএনপিতে তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জোর তদবির শুরু করেছেন। অনেকেই ঈদ ও পূজার শুভেচ্ছা জানানোর সময় প্রচার চালিয়েছেন। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরাও গণসংযোগ চালিয়েছেন। তাঁরাও করছেন তদবির।
গত মঙ্গলবার নির্বাচন কমিশন পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করার পর আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচার চালানোর উদ্যোগ নেন। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখনো দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর তাঁরা পূর্ণাঙ্গভাবে প্রচারকাজ শুরু করবেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কয়েকজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকেরা গত মঙ্গলবার তফসিল ঘোষণার আগেও শহরে মিছিল ও সমাবেশ করেছেন। আবার কেউ পেশাজীবী-শিক্ষক, কর্মী-সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। এ ছাড়া অধিকাংশ সম্ভাব্য প্রার্থীই দলীয় মনোনয়নের আশায় দলের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের এবং ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে শহরের বিভিন্ন সড়কের মোড়ে ও দর্শনীয় স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন। শহরের বিভিন্ন আড্ডায়, বাজারে, সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে কারা দলীয় মনোনয়ন পাচ্ছেন। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কে পাবেন, সে বিষয়ে মানুষের কৌতূহলই বেশি।
আওয়ামী লীগ থেকে মেয়র পদের মনোনয়নপ্রত্যাশীরা হলেন শেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল এবং শ্রমিক নেতা আরিফ রেজা। তাঁরা দলীয় মনোনয়ন লাভের জন্য জোর তদবির করছেন।
মেয়র পদে নির্বাচন করতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ দীর্ঘদিন ধরে গণসংযোগ করছেন। এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. রমজান আলীও দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন।বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম, আছি, থাকব। বিএনপি নির্বাচনে গেলে আমি অবশ্যই দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি মাঠে থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে যাব না।’
পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল প্রথম আলোকে বলেন, দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে কেন্দ্র থেকে এখনো নির্দেশনা আসেনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।
বর্তমান মেয়র হুমায়ুন কবীর গত মঙ্গলবার, সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া গত সোমবার, জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান ২১ নভেম্বর এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান ১৪ নভেম্বর বিপুলসংখ্যক সমর্থক নিয়ে জেলা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।