মনোনয়ন পেতে আ.লীগ বিএনপির ছয়জন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশালের গৌরনদীতে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপির তিনজন করে নেতা দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছে ‘তদবির’ করতে এখন ঢাকায় অবস্থান করছেন।
দলীয় নেতাদের ভাষ্যমতে, প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও প্রতীকে পৌরসভার মেয়র পদে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের তোড়জোড় শুরু হয়। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুসের কাছে দলীয় মনোনয়নের জন্য তদবির করছেন। গৌরনদীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পল্লী উন্নয়ন বোর্ড গৌরনদীর চেয়ারম্যান মনির হোসেন মিয়া, বিশিষ্ট ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা মো. আলাউদ্দিন ভূইয়া। তাঁরা সবাই এখন ঢাকায় আছেন।
বর্তমান মেয়র হারিছুর রহমান বলেন, ‘পৌরবাসীর জন্য পাঁচ বছর ধরে কাজ করেছি। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’
এদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মো. নুরুল ইসলাম ওরফে নুর-আলম হাওলাদার, পৌর বিএনপির সভাপতি এস এম মনিরুজ্জামান ও পৌর সাধারণ সম্পাদক শাহ আলম ফকির। নেতাদের কাছে তদবির করতে এখন তাঁরাও ঢাকায় আছেন।
এ ছাড়া পৌরসভার সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন ১৩ জন নারী। এঁদের মধ্যে কামরুন নাহার বলেন, পৌরবাসীর ভোটে নির্বাচিত হয়ে তিনি নির্বাচনী ওয়াদা পালনের যথাসাধ্য চেষ্টা করেছেন। অসমাপ্ত কিছু কাজ করার জন্য আবার তিনি প্রার্থী হতে চান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দিন যতই এগিয়ে আসছে, নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা তত বাড়ছে।