বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন পেতে আওয়ামী লীগের তিন প্রার্থীর মধ্যে ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু কেন্দ্র প্রার্থী চূড়ান্ত করার পর বদলে গেছে দৃশ্য। প্রতিযোগিতা ভুলে বাকি দুজন মনোনয়নপ্রত্যাশীও সমর্থন দিচ্ছেন দলের প্রার্থীকে।
পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা থেকে নির্বাচন করতে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা মাঠে নামেন। দলের সমর্থন পেতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ ছিলেন। তিন মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুর বারি ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম।
দলের উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা বিষয়টি নিয়ে কয়েকবার বৈঠক করেন। তবে কোনো সমঝোতায় আসতে না পেরে কাউন্সিলরদের নিয়ে ভোটাভুটির আয়োজন করা হয়। রাশেদুল ইসলাম জয়ী হন। কেন্দ্র রাশেদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়।
মনোনয়ন দেওয়ার পর থেকে পাল্টে যেতে থাকে অবস্থা। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আশরাফুল ও জাহেদুর বারি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে না গিয়ে দলীয় প্রার্থীকে সমর্থন করেন।
জাহেদুর বারি বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে না গিয়ে তিনি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে দলের ও এলাকার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বাড়বে।
আশরাফুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।
রাশেদুল ইসলাম বলেন, দলের সবাই একসঙ্গে কাজ করলে নির্বাচনে জয় পাওয়া সহজ হবে।
এ পৌরসভায় বিএনপি বর্তমান মেয়র তোফাজ্জল হোসেনকে মনোনয়ন দিয়েছে। আর জাতীয় পার্টির হয়ে লড়বেন আবদুল লতিফ।