মনোনয়ন পেলেন, তবে শুভেচ্ছা পেলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে লালমনিরহাট পৌরসভায় আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শহরের থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানোর আয়োজন করা হয়। কিন্তু তাঁকে শুভেচ্ছা জানাতে আসেননি লালমনিরহাট পৌর আওয়ামী লীগ ও এর ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকেরা।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া রিয়াজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সফুরা বেগম রুমি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আবদুল আহাদ ও মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
মনোনয়নপ্রত্যাশী রেজাউল করিম মেয়র পদে দলের মনোনয়ন পাওয়া রিয়াজুলকে শুভেচ্ছা জানাতে এলেও দল থেকে আরও তিন মনোনয়নবঞ্চিত প্রার্থী আসেননি। তাঁরা হলেন লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল।
রিয়াজুল ইসলাম রিন্টু বলেন, ‘আমি গত পাঁচ বছর লালমনিরহাট পৌরসভার মেয়র থাকার সময় যদি কোনো ভুল-ভ্রান্তি করে থাকি, আমার কথা বা কাজে কেউ মনে দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। আর অন্যদের কাছে দোয়াপ্রার্থী।’ তিনি বলেন, পৌরবাসী আরেকবার সেবা করার সুযোগ দিতে এ নির্বাচনে বিজয়ী হতে গতবারের মতো সাহায্য ও সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমান মেয়র রিয়াজুলকে গত পাঁচ বছরে দলের কোনো কর্মসূচি বা দলীয় কর্মকাণ্ডে না পাওয়ার অভিযোগ করে তাঁকে মেয়র পদে মনোনয়ন না দিতে গত সোমবার রাতে লালমনিরহাট পৌরসভার নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের ব্যানারে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি সংবাদ সম্মেলন করা হয়। ওই দিন রাতে এবং পরদিন মঙ্গলবার সকালে লালমনিরহাট শহরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। গতকাল বুধবার প্রথম আলোতে বর্তমান ‘পৌর মেয়রকে মনোনয়ন নয়, আন্দোলনে আ.লীগের ওয়ার্ড কমিটি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান বলেন, ‘রিয়াজুল ইসলাম রিন্টুকে দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তাঁকে বিজয়ী করতে আমাদের সবাইকে ব্যক্তিগত বিভেদ ভুলে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে মেয়র পদের যোগ্যতাসম্পন্ন আরও অনেক প্রার্থী রয়েছেন। কিন্তু তাঁদের সবাইকে একসঙ্গে তো মনোনয়ন দেওয়া সম্ভব নয়। তাঁদের দলের জন্য কাজ করতে হবে এবং মনোনয়ন লাভের জন্য অপেক্ষা করতে হবে।