মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা আ.লীগের তিন বিদ্রোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
গতকাল শনিবার বিকেলে বারইয়ারহাট পৌরসভার একটি হোটেলে সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম। দলীয় মনোনয়ন না পেয়ে তাঁরা দুজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
গতকাল শনিবার প্রথম আলোর মিরসরাই ও বারইয়ারহাট নির্বাচন নিয়ে ‘প্রার্থিতা প্রত্যাহারের চাপে আওয়ামী লীগের তিন বিদ্রোহী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ফজলুল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রোববার (আজ) সকালে রিটার্নিং কার্যালয়ে সশরীরে গিয়ে দুজনেই মনোনয়নপত্র প্রত্যাহার করব।’ কোনো চাপের কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তাঁরা দুজনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বারইয়ারহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি।
এদিকে, মিরসরাই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক মোজাহের হোসেন চৌধুরীও মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মিরসরাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন।