মনোনয়ন ফরম দেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চমবারের মতো দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) ও দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডের মনোনয়ন ফরম দেওয়া শুরু হয়েছে। বরাবরের মতো এবারও পরিবেশবান্ধব পণ্য ও সেবা প্রবর্তন, পরিবেশ সংরক্ষণকেন্দ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা, সামাজিক উদ্যোগ, সচেতনতামূলক প্রচারাভিযান ও গবেষণাধর্মী কাজের জন্য চারটি বিভাগে এই সম্মাননা দেওয়া হবে।
গতকাল বুধবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি সংস্থা ওয়েস্ট কনসার্ন এই কার্যক্রমে এইচএসবিসি ও দ্য ডেইলি স্টার-এর নলেজ পার্টনার হিসেবে ভূমিকা রাখবে। এই অ্যাওয়ার্ড মূলত ২০১০ সালে শুরু হয়েছে ও প্রতিবছর চারটি বিভাগে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই স্বীকৃতি দেওয়া হয়। বিভাগগুলো হলো গ্রিন বিজনেস বা সবুজ ব্যবসায়, গ্রিন অপারেশনস, নলেজ ম্যানেজমেন্ট ও কমিউনিটি এনগেজমেন্ট। অ্যাওয়ার্ডের মনোনয়ন ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.hsbc.com.bd অথবা www.thedailystar.net ওয়েবসাইটে। মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে বনানীর সড়ক নম্বর-৭, বাড়ি-২১-এর ওয়েস্ট কনসার্ন কার্যালয়ে পাঠাতে হবে।
সংবাদ সম্মেলনে ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো, ওয়েস্ট কনসার্নের নির্বাহী পরিচালক এ এইচ এম মাকসুদ সিনহা এবং এইচএসবিসি বাংলাদেশের গণসংযোগ প্রধান তালুকদার নোমান আনোয়ার উপস্থিত ছিলেন।
মনোনয়ন নিরীক্ষণ করবেন পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে অভিজ্ঞ জুরিবোর্ডের সম্মানিত সদস্যরা। গত বছর ১০০টি প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয়।
সংবাদ সম্মেলনে ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো বলেন, এই অ্যাওয়ার্ড বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো একটি সুযোগ, যাতে তারা মানুষকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি দেখাতে পারে।
মাহ্ফুজ আনাম বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত একটি দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির ধরন এবং ক্ষতি মোকাবিলার অভিজ্ঞতার বিষয়গুলো জনগণকে জানানোর ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাকসুদ সিনহা বলেন, বাংলাদেশ তার সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে নিজেই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা করতে পারবে।