মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এ জি এম বাদশার সমর্থকেরা গতকাল শহরের চারমাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন l প্রথম আলো
বগুড়ার ধুনট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এ জি এম বাদশার সমর্থকেরা গতকাল শহরের চারমাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন l প্রথম আলো

বগুড়ার ধুনটে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম খানের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত মেয়র প্রার্থী এ জি এম বাদশার সমর্থকেরা।
দুপুর ১২টার দিকে ধুনট পৌরসভা বাজার এলাকায় মিছিল শেষে চারমাথায় সড়ক অবরোধ করে এই সমাবেশ করেন এ জি এম বাদশার সমর্থকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিতে গত রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সদস্য ও বর্তমান পৌর মেয়র এ জি এম বাদশা ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল আমিন তরফদার এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেন। দলের নিয়মানুযায়ী সাত সদস্যের কমিটির বোর্ড গঠন করে তাঁদের মতামতের ভিত্তিতে একজনকে মনোনয়ন দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন কমিটির মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্তে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে মনোনয়ন দিয়েছেন। এতে ধুনট পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীর একটি অংশসহ পৌরসভার লোকজন গতকাল দুপুর ১২টার দিকে ধুনট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আলরাজি, পৌর যুবলীগের সভাপতি সোহরাব আলী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান প্রমুখ।
আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান পৌর মেয়র এ জি এম বাদশা বলেন, ‘গত নির্বাচনে পৌরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। এবারও তাঁরা আমাকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন একক সিদ্ধান্তে শরিফুল ইসলাম খানকে মনোনয়ন দিয়েছেন। এ কারণে দলীয় নেতা-কর্মী ও এলাকার সাধারণ ভোটাররা ক্ষিপ্ত হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।’
শরিফুল ইসলাম খান দাবি করেন, ‘আমি দল করতে এসে ছাত্রজীবন থেকে পুলিশের হামলা-মামলা ও জেলখানার চার দেয়ালের মধ্যে বন্দী ছিলাম। জমিজমা বিক্রি করে দলের দুর্দিনে সহযোগিতা করেছি। গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছে। এ কারণে জেলা আওয়ামী লীগের নেতারা সবদিক বিবেচনা করে আমাকে মনোনয়ন দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেননি। বর্তমান মেয়রের কয়েকজন ব্যক্তিগত অনুসারী পৌর এলাকায় ভোটারদের কাছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের হীন চক্রান্তে লিপ্ত হয়েছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি একক সিদ্ধান্তে মনোনয়ন দেওয়ার বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।