মনোনয়ন বিক্রির অভিযোগ
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বিক্রির অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান। এ কারণে তিনি দলটির মনোনয়ন বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান পারভিন সুলতানা ওই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তাঁর স্বামী কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুর পর তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পাঁচ বছর তিনি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। তারপরও আসন্ন ইউপি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হতে পারেন। লিয়াকত হোসেন নামের এক ব্যক্তি দলীয় মনোনয়ন কিনেছেন বলে শোনা যাচ্ছে। তিনি তা বলেও বেড়াচ্ছেন। এ অবস্থায় পাঁচ বছরের সফল চেয়ারম্যান ও একজন নারী প্রার্থী হিসেবে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী লিয়াকত হোসেন বলেন, ‘আমি কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমলাপুর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছি। পাব কি না জানি না। কাউকে টাকাপয়সা দিইনি। কাকে টাকা দিয়ে মনোনয়ন কিনতে হয় তা-ও জানি না। গত দুই বছর ধরে ইউনিয়নের মানুষের খেদমত করে যাচ্ছি। আপদ-বিপদে তাঁদের পাশে আছি।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ কুমার বলেন, ‘লিয়াকত সাহেব এক বছর হলো দলে যোগ দিয়েছেন। তিনি কমলাপুর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নন, ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ নম্বর সদস্য। তাঁর অনেক টাকাপয়সা আছে। টাকা দিয়ে মনোনয়ন কিনতেও পারেন। তবে আমাদের পর্যায়ে টাকার লেনদেন হয়নি। উচ্চপর্যায়ে কিছু হলেও হতে পারে। আমি নিজেও চেয়ারম্যান প্রার্থী। দলীয় মনোনয়ন চেয়েছি।’
তৃতীয় ধাপে মাগুরার শ্রীপুর উপজেলার আটটি ইউপিতে নির্বাচন হবে। ১৫ মার্চ তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৩ এপ্রিল নির্বাচন।