মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেন তাঁরা। চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
চেয়ারম্যান প্রার্থী পাঁচজন হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম, ইউনিয়ন জাতীয় পার্টির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল জলিল সরকার, ইউনিয়ন বিএনপির সদস্য আকবর আলী, ইউনিয়ন জামায়াতের সদস্য আফজালুল ও বশির উল্লাহ। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ টি এম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া নয়টি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সদস্যপদে ৩৮ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল বুধবার।
রংপুর সিটি করপোরেশন ঘোষণার পর কল্যাণী ইউনিয়নের গোদা সিমলা ও কলাবাড়ি এলাকা সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত হওয়ায় সীমানা জটিলতায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। চলতি বছরের ২১ মে সীমানা জটিলতার অবসান হয়ে গেজেট প্রকাশিত হয়। ১২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২১ ডিসেম্বর ভোট নেওয়া হবে।