মনোনয়নপত্র জমা দিলেন ৪ জন, ২৩ ফরম সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২০–দলীয় জোটের সমন্বয়ক এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল সোমবার তাঁর পক্ষে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

এ ছাড়া গতকাল চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে সিপিবির মৃণাল চৌধুরী ও একই দলের সেহাব উদ্দীন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁরা রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এ ছাড়া ইসলামী আন্দোলনের মনসুরুল হক চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জন্য ফরম জমা দিয়েছেন।

এ ছাড়া গতকাল আরও ২৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রাম -১৩ (আনোয়ারা) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম অন্যতম।