পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। সম্ভাব্য প্রার্থীদের আজ বিকেল পাঁচটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন। তবে আচরণবিধি অনুযায়ী পৌরসভা নির্বাচনে ৯ ডিসেম্বর থেকে সম্ভাব্য প্রার্থীরা প্রচারকাজ শুরু করতে পারবেন।
আচরণবিধিতে বলা আছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফল গেজেটে প্রকাশের আগ পর্যন্ত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিল থেকে কোনো প্রকল্প অনুমোদন বা টাকা ছাড় করা যাবে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশন গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে চিঠি দিয়েছে।
সম্ভাব্য প্রার্থী, প্রার্থীর সমর্থক ও মন্ত্রী-সাংসদদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য গতকাল পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার কোনো উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব বা এ ধরনের সভায় যোগ দিতে পারবেন না। প্রার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বা সদস্য হয়ে থাকলে তিনি প্রতিষ্ঠানের কোনো সভায় যোগ দিতে পারবেন না।