মনোনয়নপত্র নিলেন মান্না, খোকন, হাজি সেলিম, কবরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরানো হয়নি সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার। গতকাল দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরানো হয়নি সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার। গতকাল দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে গতকাল মঙ্গলবার মেয়র পদে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, সাবেক সাংসদ সারাহ্ বেগম কবরী ও এখলাছ উদ্দিন মোল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা উত্তর সিটির রিটার্নি কর্মকর্তা শাহ আলম এ তথ্য জানান।
মান্নার পক্ষে আতিকুর রহমান এবং কবরীর পক্ষে শহিদুল ইসলাম মনোনয়নপত্র কেনেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম।
সব মিলিয়ে ঢাকা উত্তরে এখন পর্যন্ত মেয়র পদের জন্য ১৮ জন, কাউন্সিলর পদে ৪৩৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দক্ষিণ সিটির সহকারী রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল আলম জানান, সেখানে গতকাল মেয়র পদের জন্য আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন, স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেন। মেয়র পদে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫ জন, কাউন্সিলর পদে ৭২৪ এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে।
মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে ইসি: ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন চলাকালে সরকারিভাবে কোনো মন্ত্রণালয় থেকে উন্নয়ন বরাদ্দ বা আর্থিক অনুদান ছাড় করা যাবে না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কয়েকটি মন্ত্রণালয়কে আজ বুধবার চিঠি দেওয়া হবে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য জানায়।
বিশেষ পরিপত্র: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে নির্বাচনে অংশ নিতে হলে মেয়র পদ ছাড়তে হবে। এ বিষয়ে ২৩ মার্চ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুযায়ী, মেয়র পদে আছেন এমন কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। তবে তিনি মেয়র পদ ছেড়ে দিয়ে নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
ঢাকার দুই সিটিতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় এই আইন প্রযোজ্য হবে না।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ১৮ ম্যাজিস্ট্রেট: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রতিটি সিটি করপোরেশনে ছয়জন করে মোট ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ম্যাজিস্ট্রেটরা আগামী ১০ এপ্রিল থেকে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ ২৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে নির্দেশনা পাঠিয়েছে।