মনোনয়নপত্র বাতিল স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাহিমা আক্তারের মনোনয়নপত্র তাঁর স্বামী ঋণখেলাপি হওয়ায় বাতিল করা হয়েছে। তিনি এর বিরুদ্ধে আপিল করেছেন।
বর্তমান কাউন্সিলর রাহিমা আক্তার বলেন, ‘রোববার সকালে কৃষি ব্যাংকের লোকজনের উপস্থিতিতে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। হঠাৎ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনে ডেকে এনে আমার স্বামী ঋণখেলাপি হওয়ায় আমার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। আমি এর বিরুদ্ধে আপিল করেছি।’
রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও এস এম রফিকুল ইসলাম বলেন, সকালে এ অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু দুপুরে সখীপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রাহিমা আক্তারের স্বামী আবদুল হামিদ কৃষি ঋণ নিয়ে তা পরিশোধ না করায় তাঁর মনোনয়নপত্র প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়।
কৃষি ব্যাংকের সখীপুর শাখার সুপারভাইজার আইয়ুব আলী বলেন, ২ নম্বর ওয়ার্ডের কাহারতা গ্রামের আবদুল হামিদ ২০০৬ সালে ৫০ হাজার টাকা কৃষিঋণ নেন। বর্তমানে তা বেড়ে সুদসহ ১ লাখ ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আবদুল হামিদের স্ত্রী রাহিমা আক্তার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেহেতু স্বামী-স্ত্রী একই সংসারে বাস করছেন, তাই ওই ঋণ স্ত্রীর ওপরও বর্তায়।