মনোনয়নপত্র বাতিলের শঙ্কায় কর পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা গতকাল বুধবার পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা কর পরিশোধ করেছেন। এর আগে একাধিকবার নোটিশের পরও তাঁরা বকেয়া এসব কর দেননি।
পৌর কার্যালয়ের সচিব আবদুল কাদের বলেন, অনেক নাগরিক এত দিন কর পরিশোধ করেননি। তাঁরা এখন নিজের স্বার্থে পরিশোধ করছেন। বকেয়া কর আদায় না হওয়ায় পৌরসভার উন্নয়নকাজ ব্যাহত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করতে বিদ্যুৎ, হোল্ডিং ও পরিচ্ছন্নতা কর এবং পানির বিল পরিশোধের সনদ থাকা বাধ্যতামূলক। এসব কর ও বিল হালনাগাদ পরিশোধ করা না হলে মনোনয়নপত্র বাতিল হয়।
রায়পুর পৌরসভার প্রধান কর আদায়কারী এজাজ হোসেন বলেন, সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ উদ্যোগে বকেয়াসহ হালনাগাদ কর পরিশোধ করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত শতাধিক প্রার্থী কর পরিশোধ করেন। এতে হোল্ডিং কর প্রায় ছয় লাখ টাকা এবং পানির বিলসহ বিভিন্ন কর প্রায় চার লাখ টাকা আদায় হয়। গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন সর্বোচ্চ ৯০ হাজার ৫০০ টাকা কর পরিশোধ করেছেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী নাছির উদ্দিন গত রোববার ৩৫ হাজার টাকা বকেয়া পৌর কর পরিশোধ করেছেন।