রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থীদের মধ্যে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিক্রি করেছে। গত শুক্রবার থেকে শুরু করে গতকাল শনিবার বিকেল চারটা পর্যন্ত দলের উপজেলা কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে বলে কয়েকজন স্থানীয় নেতা বলেছেন। তবে অন্যরা বলেছেন, বিক্রি নয়, বিনা মূল্যে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে গতকাল বিকেলে মুঠোফোনে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘পৌর নির্বাচনে দলীয়ভাবে (আওয়ামী লীগ) এখনো প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রির কোনো সিদ্ধান্ত হয়নি। যদি কেউ এটা করে থাকেন, সেটা আমি এখনই দেখছি।’
বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী বলেন, ‘আমরা পৌর নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনে আগাম বিনা মূল্যে মনোনয়নপত্র বিতরণ করেছি। গতকাল বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ছিল। নির্ধারিত সময় পর্যন্ত মেয়র পদে চারজন মনোনয়নপত্র নিয়েছেন। তাঁরা হলেন পৌর মেয়র উত্তম কুমার শাহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফিন্দিউল হাসান এবং গোবিন্দ কুণ্ডু ও রবিউল আলম। তবে কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র নেননি।’
এক প্রশ্নের জবাবে টুটুল চৌধুরী বলেন, ‘আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলেই দলীয়ভাবে মনোনয়নপত্র বিতরণ করেছি। দলীয় প্রার্থী আগাম যাচাইবাছাই করে তা জেলায় পাঠাব।’
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মারুফুজ্জামান বলেন, ‘পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় একাধিক প্রার্থী থাকায় দলীয় মনোনয়নপত্র বিক্রি করেছে উপজেলা আওয়ামী লীগ। মেয়র পদে পাঁচ হাজার টাকার বিনিময়ে এই মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে।’
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফিন্দিউল হাসান বলেন, ‘আমি মেয়র পদে একটি মনোনয়ন নিয়েছি।’ প্রথমে তিনি বলেন টাকার বিনিময়ে মনোনয়ন কিনেছেন। পরে টাকার বিনিময়ে মনোনয়ন কেনার কথা তিনি অস্বীকার করেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আহসানুল হক বলেন, ‘এটা মনোনয়নপত্র নয়, আমরা আবেদনপত্র দিচ্ছি, কারা প্রার্থী হতে চান তা দেখার জন্য।’