পিরোজপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো. আবদুল হাই হাওলাদারের মনোনয়নপত্র বৈধ করতে রিটার্নিং কর্মকর্তা তাঁর (আবদুল হাই) ত্রুটিপূর্ণ ঘোষণাপত্র পরিবর্তনে সুযোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন জেলা প্রশাসকের কাছে আবদুল হাইয়ের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেন। গতকাল শনিবার আলমগীরের আপিল খারিজ করেন জেলা প্রশাসক।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং ওই আপিল আবেদন সূত্রে জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩ ডিসেম্বর আবদুল হাই ও আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেন। আবদুল হাই মনোনয়নপত্রের সঙ্গে ২ ডিসেম্বরের একটি ঘোষণাপত্র জমা দেন। ওই ঘোষণাপত্রে আবদুল হাই তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এইচ আর এন্টারপ্রাইজের মালিকানা আতাউর রহমান শেখ নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। পৌরসভার নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠিকাদারি হস্তান্তর করতে হয়। আর তফসিল ঘোষণা করা হয়েছে ২৪ নভেম্বর।
গত রোববার মনোনয়নপত্র বাছাইয়ের সময় আলমগীর হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে আবদুল হাইয়ের মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। এ সময় আবদুল হাই ১৮ নভেম্বর ঠিকাদারি হস্তান্তর হওয়ার আরও একটি ঘোষণাপত্র জমা দেন। এরপর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া বাবদুল হাইয়ের ঘোষণাপত্র আমলে না নিয়ে ১৮ নভেম্বরের ঘোষণাপত্রটি আমলে নেন।
গতকাল জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী তাঁর রায়ে উল্লেখ করেন, তফসিল ঘোষণার আগে ১৮ নভেম্বর ঘোষণাপত্রের মাধ্যমে আবদুল হাই হাওলাদার ঠিকাদারি স্বত্ব ত্যাগ করেছেন। তবে আবদুল হাই হাওলাদারের মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ২ ডিসেম্বরের একটি ঘোষণাপত্র ও ১৮ নভেম্বরের একটি ঘোষণাপত্র সংযুক্ত আছে। ১৮ তারিখের ঘোষণাপত্রে আবদুল হাই তাঁর ঠিকাদারি স্বত্ব ত্যাগ করে মালিকানা হস্তান্তর করেন। যেহেতু আবদুল হাই তাঁর ঠিকাদারির মালিকানা ত্যাগ করায় রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ করেছেন, তাই পর্যালোচনা করে আলমগীর হোসেনের আপিল খারিজ করা হলো।
আলমগীর অভিযোগ করেন, ‘আবদুল হাই পৌরসভার ঠিকাদার। তাঁর তিনটি প্রকল্প চলমান রয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগে বাবদুল হাইয়ের ঠিকাদারি হস্তান্তর করার কথা থাকলেও তিনি তা পরে করেছেন। আমি বিষয়টি নিয়ে এখন উচ্চ আদালতে যাব।’
আবদুল হাই হাওলাদার বলেন, ‘আমি তফসিল ঘোষণার আগে ও পরের ভিন্ন দুটি তারিখের ঘোষণাপত্র জমা দিয়েছি। যে ঘোষণাপত্রটি নির্বাচন বিধি অনুমোদন করে, তা রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করবেন।’
পিরোজপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান বলেন, আবদুল হাইয়ের দুটি ঘোষণাপত্র পাওয়া গেছে। ১৮ তারিখের ঘোষণাপত্রে তিনি ঠিকাদারি হস্তান্তর করায় তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।