পিরোজপুর সদরে গতকাল বুধবার যুবলীগের কর্মীরা লিয়াকত আলী শেখ নামের এক মেয়র প্রার্থীর সমর্থকদের মনোনয়নপত্র তুলতে বাধা দিয়েছেন বলে অভিযোগে উঠেছে। এ সময় তাঁরা ওই প্রার্থীর দুই সমর্থককে মারধর করেন। তাঁদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিয়াকত আলী শেখ জেলা বিএনপির সহসভাপতি ও পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান। জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো মেয়র প্রার্থীর তিনজনের তালিকায় তাঁর নাম রয়েছে।
লিয়াকতের ছেলে আকতারুজ্জামান শেখ বলেন, গতকাল সকালে নান্না শেখ ও মো. রাজিব নামের দুই ব্যক্তি তাঁর (আকতারুজ্জামান) মনোনয়নপত্র জমা ও বাবা লিয়াকত আলীর মনোনয়নপত্র সংগ্রহ করতে মোটরসাইকেলে করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে সকাল সোয়া ১০টার দিকে যুবলীগের ১৫ থেকে ২০ জন কর্মী মোটরসাইকেল থামিয়ে নান্না শেখ ও রাজিবকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন। এ ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যা সোয়া সাতটা থেকে পৌনে আটটা পর্যন্ত জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।