মনোনয়নপ্রত্যাশীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আফসার উদ্দীন গাজী নামের এক মনোনয়নপ্রত্যাশীকে গতকাল বুধবার মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে যশোর-সাতক্ষীরা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আফসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি তেইশমাইল গ্রামে গণসংযোগ করতে যান। ওই গ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদত হোসেনের বাড়ি। সেখানে শাহাদতের ভাইয়ের নেতৃত্বে তাঁকে মারধর করা হয়।
আফসারের ছেলে ফারুক হোসেন জানান, শাহাদতের ভাই জামাল উদ্দীন কয়েকজন সহযোগী নিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি লাথি ও কিল-ঘুষি মারেন। এতে তাঁর বাবা আফসার মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আফসারকে মারধরের এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কেশবপুর শহরে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করেন। তাঁরা হামলাকারী জামালকে গ্রেপ্তারের দাবি করেন। কেশবপুর থানার ওসি বেলা একটার দিকে ঘটনাস্থলে যান। তিনি জামালকে গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে শাহাদত বলেন, ‘ওই খানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তবে ধাক্কাধাক্কি হয়েছে।’