সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কেন্দ্র করে জমজমাট হয়ে উঠছে গ্রামীণ জনপদ। নির্বাচনের আর মাস খানেক বাকি থাকলেও মনোনয়নপ্রত্যাশীরা আটঘাট বেঁধে নেমেছেন ভোটারদের মন জয় করতে।
প্রথম ধাপে উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে আগামী ২২ মার্চ দেশে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। এদিন দেশের ৭৫২টি ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে রায়গঞ্জের নয়টি ইউপি রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ।
উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির ১০ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপিতে রয়েছে একক প্রার্থী। নয়টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৬২ জন। গত রোববার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হাজির হয়ে তাঁরা সাক্ষাৎকার দেন।
দলের কয়েকজন নেতা বলেন, ধানগড়া, ব্রহ্মগাছা, পাঙ্গাসী, নলকা, সোনাখাড়া ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানসহ আরও অনেকেই নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে গণসংযোগ করছেন। ধামাইনগরে সাবেক সাংসদ মরহুম ইসহাক হোসেন তালুকদারের বড় ছেলে সুমন তালুকদার, চান্দাইকোনা ইউপিতে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন। ধুবিল ও ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে বেশ কয়েকজন গণসংযোগ করছেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বলেন, বিরূপ পরিস্থিতিতে প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। সদস্য পদেও একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
তবে উপজেলার পাঁচটি ইউনিয়নের দশটি বাজার ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট নিয়ে তাঁদের খুব বেশি ভাবনা নেই। কারণ গত পৌরসভা নির্বাচনে তাঁদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়।
চান্দাইকোনা, রায়গঞ্জ, ভূইয়াগাঁতী, ঘুড়কাসহ বিভিন্ন বাজারের চায়ের দোকানগুলো এখন সরগরম। তিনজন দোকানি বলেন, আগের নির্বাচনের চেয়ে এবার মানুষের আগ্রহ কম। তবে দিন দিন আগ্রহ বাড়ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার রায় বলেন, নয়টি ইউপিতে নির্বাচন করতে পাঁচজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।