মনোনয়নযুদ্ধে মামার কাছে ধরাশায়ী ভাগনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন মামা ও ভাগনে। দুজনই দলের মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত মামা আবদুল ওয়াহেদ ওরফে বাহাদুরের পক্ষেই শিকা ছিঁড়েছে। গত মঙ্গলবার রাতে দলীয় মনোনয়ন পান মামা জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ।
গতকাল বুধবার বিকেলের দিকে জলঢাকা থানা মোড়ে যুবলীগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, আবদুল ওয়াহেদ ওরফে বাহাদুরের কর্মী-সমর্থকসহ দলীয় নেতা-কর্মীদের ভিড়। পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ার আনন্দে উৎফুল্ল তাঁরা। এ সময় কথা হয় আবদুল ওয়াহেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ায় মঙ্গলবার রাত আটার দিকে দল-মতনির্বিশেষে জলঢাকা শহরে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আমি আগামীকাল ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র সংগ্রহ করব।’ আপনি উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে কেন পৌরসভায় এলেন, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমার বাড়ি পৌরসভায়। ২০০১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলঢাকা পৌরসভা ঘোষণা করেন। কিন্তু দীর্ঘদিনেও পৌরসভায় নাগরিক সেবা বাড়েনি। আমি মেয়র হয়ে এই পৌরসভাকে সাজাতে চাই। এ কারণে আমি ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে পৌরসভায় এসেছি।’
এর আগে গতকাল দুপুরে জলঢাকা শহরের ট্রাফিক মোড় এলাকায় ভাগনে ইলিয়াস হোসেনের বাসভবনে গিয়েও তাঁর সমর্থকদের ভিড় দেখা গেছে। কথা হয় বাহাদুরের ভাগনে বর্তমান মেয়র ইলিয়াস হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আমি জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। কিন্তু কেন মনোনয়ন পেলাম না, তা বুঝতে পারছি না।’ এখন স্বতন্ত্র প্রার্থী হবেন কি না, জানতে চাইলে বলেন, ‘আমার এলাকার মানুষ আমাকে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। নির্বাচন করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করতে হবে। আজকে পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নেব। যদি নির্বাচন না করি, তাহলে দলের পক্ষে কাজ করব।’ তিনি আরও বলেন, ‘গত চার বছরে আমি জলঢাকা পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন করেছি, নাগরিক সেবা বৃদ্ধি করেছি। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নেই। সে হিসেবে জনগণ আমাকে আবারও মেয়র হিসেবে দেখতে চায়।’
সেখানে অবস্থানরত ইলিয়াস হোসেনের সমর্থক পৌর এলাকার মাথাভাঙা গ্রামের আজাহারুল ইসলাম বলেন, জলঢাকা পৌরসভায় ২০ বছরে যে উন্নয়ন হয়নি, সেটা ইলিয়াস হোসেনের চার বছর সময়ে হয়েছে। তাই জনগণ তাঁকে আবারও মেয়র হিসেবে দেখতে চায়।
জলঢাকা পৌরসভার ২০১১ সালের ২৯ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির ইলিয়াস হোসেন। তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে গত ২৪ নভেম্বর রাতে জলঢাকা উপজেলা কৃষক লীগে যোগ দেন।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া আবদুল ওয়াহেদ তাঁর ভাগনের মনোনয়ন না পাওয়ার ব্যাপারে বলেন, ‘তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেছেন।’