মনোনয়নের দাবিতে আ.লীগ নেতার মিছিল, বিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল শেরপুর পৌর শহরে সমর্থকদের নিয়ে মিছিল করেন বর্তমান মেয়র হুমায়ুন কবীর l ছবি: প্রথম আলো
শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল শেরপুর পৌর শহরে সমর্থকদের নিয়ে মিছিল করেন বর্তমান মেয়র হুমায়ুন কবীর l ছবি: প্রথম আলো

শেরপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর (রুমান) কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাপাতলী এলাকার সামনে জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মেয়র হুমায়ুন কবীর। এতে সহস্রাধিক কর্মী ও সমর্থক অংশ নেন।
হুমায়ুন কবীর বলেন, যেহেতু তিনি এখনো মনোনয়নপত্র দাখিল করেননি সেহেতু তিনি মিছিল করতে পারেন। মূলত তাঁর মনোনয়নের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করার জন্য কিছু কর্মী-সমর্থক নিয়ে তিনি শহরে বের হয়েছিলেন। মিছিলে কোনো স্লোগান দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তবে মিছিল চলাকালে হুমায়ুন কবীর সংক্ষিপ্ত বক্তব্যে যা বলেছেন তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ পাঁচ বছর তিনি সততা, সুনাম ও দায়িত্বশীলতার সঙ্গে পৌর শহরের উন্নয়নের জন্য কাজ করেছেন। তাঁর আমলেই শহরের রাস্তাঘাট ও নালা-নর্দমার সংস্কার ও উন্নয়নকাজের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ২৩ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে এবং এর মাধ্যমে বর্তমানে শহরের অধিকাংশ রাস্তার উন্নয়নকাজ চলছে। এমন অবস্থায় জনগণ তাঁকে পুনরায় মেয়র হিসেবে দেখতে চায় এবং তিনিও চান আরেকবার মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে। এ জন্য তিনি জেলা আওয়ামী লীগের সমর্থন কামনা করে তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতিনির্ধারণী কমিটির কাছে আবেদন জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান বলেন, বর্তমান মেয়র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। কারণ, আচরণবিধিমালা অনুযায়ী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা মনোনয়নপ্রত্যাশী কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে পারেন না। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ রিটার্নিং কর্মকর্তার এখতিয়ারভুক্ত।
এ বিষয়ে শেরপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল বলেন, হুমায়ুন কবীরের মিছিলের ব্যাপারে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ করেনি।