মনোহরগঞ্জ ও নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গতকাল গাড়ি চাপায় এক নারী নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের পূর্ব বাতাবাড়িয়া এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া আহত হয় বাসের অন্তত ১০ জন যাত্রী। খবর পেয়ে লালমাই মহাসড়ক (হাইওয়ে) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। লালমাই মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ইব্রাহিম খলিল বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বরুড়া উপজেলার কেশব (৪০)।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুর এলাকার গালিব ফিলিং স্টেশনের কাছে গতকাল বেলা দেড়টায় রাস্তা পারাপারের সময় একটি ওষুধ কোম্পানির গাড়ি চাপায় দুর্লবজান নিহত হন। তিনি উপজেলার রামলোহ গ্রামের সমশের উদ্দিনের স্ত্রী। খবর পেয়ে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।