মনোহরদীতে পরিত্যক্ত ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণার দুই বছর পরও চলছে পাঠদান কার্যক্রম। ফলে নানা ঝুঁকি নিয়ে ক্লাস করছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি শ্রেণিকক্ষের সংকটে শিক্ষার্থীদের খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৩৫ জন। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৩৫ সালে। পরবর্তী সময়ে ১৯৯২-৯৩ অর্থবছরে পুনঃ সংস্কার করে একতলা একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমান বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। তাই গত ২০১৩ সালে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। কিন্তু পরিত্যক্ত ঘোষণার পর দুই বছর পার হয়ে গেলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা রোদের মধ্যে মাঠে বসে ক্লাস করছে। একতলা বিদ্যালয় ভবনে রয়েছে ছোট ছোট তিনটি শ্রেণিকক্ষ। যার একটি কক্ষে আছে স্বল্পসংখ্যক বেঞ্চ। আরেকটিতে আবার দুটো বেঞ্চ ভাঙা। তাই শিক্ষার্থীরা মেঝেতে পাটি বিছিয়ে ক্লাস করছে। আর প্রত্যেকটি কক্ষের দরজা-জানালা ভাঙা।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জুয়েনা আক্তার ও কবির হোসেন বলেন, ‘ক্লাসের ভেতরে বসলেই ছাদ থেইকা পলেইস্তার শইললের (শরীরে) পরে ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে। তাই স্যারেরা কইছে, বাইরে বইয়া ক্লাস করার লাইগা।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহার খানম বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষের সংকট, বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ নেই, দরজা-জানালা ভাঙা। সমস্যার তো শেষ নেই। সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন ছেলেমেয়েদের তো আর পড়ালেখা বন্ধ করা যাবে না। তাই বাইরে ক্লাস নেওয়া হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলায় ১৫টি বিদ্যালয়ের অবস্থা অনেক খারাপ। প্রত্যেকটি বিদ্যালয় ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’