মনোহরদীতে স্কুলের মাঠে গরুর হাট
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারের পাশাপাশি চালাকচর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গরুর হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে হাটের ইজারাদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বিদ্যালয়ের মাঠে বাঁশের খুঁটি পোঁতার কাজ শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে মনোহরদী উপজেলায় স্থায়ী-অস্থায়ী ১৩টি গরুর হাট বসানো হচ্ছে। এর মধ্যে চারটি স্থায়ী ও নয়টি অস্থায়ী। স্থায়ীগুলোর মধ্যে চালাকচর বাজার একটি। চলতি বছর এ বাজার সাত লাখ টাকায় ইজারা নিয়েছেন মমতাজ উদ্দিন। বাজারের নিয়মিত গরুর হাটের জায়গার পাশাপাশি তিনি বিদ্যালয়ের মাঠও ব্যবহার করছেন।
বিদ্যালয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ ফজলুল হক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক বা কমিটির অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ না করে আর্থিক সুবিধা নিয়ে বাজারের ইজারাদারকে স্কুলের মাঠ ব্যবহারের মৌখিক অনুমতি দিয়েছেন।
বিদ্যালয় ছাত্র পরিষদের (স্টুডেন্ট কেবিনেট) সভাপতি ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. বিল্লাল হোসেন বলে, ‘মাঠে গরুর হাট বসালে এটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়বে। এ ছাড়া গর্ত ও কাদায় বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। আমরা চাই না আমাদের বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হোক।’
প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন বলেন, ‘গরুর হাটের জন্য আমার কাছ থেকে কোনো অনুমতি বা পরামর্শ নেওয়া হয়নি। গরুর হাটে শুধু যে স্কুলের পরিবেশ নষ্ট হয় তা নয়, শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হয়। কারণ, মাঠ নোংরা থাকায় দুর্গন্ধে অনেক দিন শ্রেণিকক্ষের দরজা-জানালা খোলা যায় না।’
আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন বলেন, ‘গরুর বাজারের প্রায় ৫১ শতাংশ জায়গা ইউনিয়ন পরিষদ নিয়ে গেছে। যেটুকু আছে, সে অংশটুকুও লোকজন দখল করে আছেন। গরুর বাজারের জন্য মূলত কোনো জায়গা নেই। তাই আমরা স্কুলের সভাপতির সঙ্গে আলোচনা করে হাট বসাচ্ছি। সে ক্ষেত্রে হাট শেষে আমরা শুধু মাঠটি পরিষ্কার করে দেব। ইতিপূর্বে যারা বাজার ইজারা নিয়েছিল, তারাও এটাই করেছিল। আগামী শুক্রবার থেকে দুই-তিন দিন গরুর হাট বসবে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ ফজলুল হকের মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
ইউএনও মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের মাঠে গরুর হাটের কোনো অনুমতি নেই। আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’