মনোনয়ন দৌড়ে আ.লীগের দুজন, মাঠে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দুজন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত দুজনই দলের মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন। তবে গতকাল শনিবার শ্রমিক লীগের নেতা বখতিয়ার উদ্দিন খানও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাউজান পৌরসভার বর্তমান মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান এবারও প্রার্থী হতে আগ্রহী বলে প্রথম আলোকে বলেছেন। তবে এলাকায় বিএনপির নেতা-কর্মীদের নির্বাচন নিয়ে তেমন কোনো তৎপরতা নেই।
রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার মোহাম্মদ আলম বলেন, পৌরসভা গঠনের পর রাউজানে সব কটি নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। এবারও সুষ্ঠু হবে। এ কারণে কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি হতে পারে।
৮ নম্বর ওয়ার্ডের ভোটার সাইফুদ্দীন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা নেই। তবে প্রতিপক্ষ মাঠে থাকলে নির্বাচনী মাঠ জমে ওঠে। বিএনপি এখনো মাঠে নামেনি।’
আওয়ামী লীগের নেতারা জানান, তফসিল ঘোষণার আগেই কাউন্সিলর পদে সাধারণ নয়টি ওয়ার্ডের মধ্যে তিনটি উন্মুক্ত রেখে ছয়জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দুটি উন্মুক্ত রেখে একজনের নাম চূড়ান্ত করা হয়েছে। পৌরসভার ২, ৫ ও ৮ নম্বর ওয়ার্ড উন্মুক্ত রাখা হয়েছে।
গত পৌরসভা নির্বাচনে কাজী আবদুল্লাহ আল হাছানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দেবাশীষ পালিত। ওই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আরও দুজন প্রার্থী ছিলেন। ফলে কাজী আবদুল্লাহ আল হাছানকে জিততে বেগ পেতে হয়নি বলে দলের নেতা-কর্মীরা বলছেন।
এ বিষয়ে রাউজান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ থেকে তিনজন মেয়র পদে প্রার্থী হন গতবার। এই সুযোগ বিএনপির একক প্রার্থী নিয়েছেন। এবার দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হলে আওয়ামী লীগের প্রার্থীর জয় ঠেকানো যাবে না।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘রাউজানে শফিকুল ইসলাম চৌধুরী ও দেবাশীষ পালিত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমরা তাঁদের ব্যাপারে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠাব। কেন্দ্র থেকেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’
আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি টানা ৩০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। এর মধ্যে একবার রাউজান পৌরসভার মেয়র হয়েছি। দলের কঠিন সময়ে এলাকায় ছিলাম। যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্দোলন-সংগ্রাম করেছি।’
১৯৯৯ সালে পৌরসভা গঠনের পর প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন দেবাশীষ পালিত। ২০১১ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় হন। দেবাশীষ পালিত বলেন, ‘দলের জন্য আমি সারা জীবন কাজ করেছি। আমার অবদান ও ত্যাগের কথা ভেবে দল আমাকেই মনোনয়ন দেবে বলে আশা করছি।’
নির্বাচন নিয়ে বর্তমান মেয়র কাজী আবদুল্লাহ আল হাছান বলেন, ‘রাউজানে ভিন্নমতের লোকজনের ওপর হামলা-মামলা চলছে। কাউন্সিলর পদে আমাদের অনেক যোগ্য প্রার্থী আছেন। কেউ নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করলে তাঁকে এলাকা থেকে বিতাড়িত করা হতে পারে।’
ভিন্নমতের লোকজনের ওপর কারা হামলা চালাচ্ছে জানতে চাইলে কাজী আবদুল্লাহ আল হাছান বলেন, ‘সেটা তো আপনারা জানেন।’
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহী মোহাম্মদ রাসেল প্রথম আলোকে বলেন, ‘আমরা ভোটারদের কাছে যাচ্ছি। তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। গতবারের মতো এবারও নির্বাচন সুষ্ঠু হবে।’