
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে তিনটিতে মনোনয়ন প্রত্যাশা করছেন চারজন বাঘা নেতা। এর মধ্যে দুজন আওয়ামী লীগের ও দুজন বিএনপির। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁরা নিজেদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিগত নির্বাচনে এই তিনটি আসনেই জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে তাঁদের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের সম্পর্ক বর্তমানে ভালো না থাকায় তিনটি আসনেই বিরোধী দলের প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে আছেন।
জেলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনটিকে। এ আসনের সাংসদ আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এই দলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনবার নির্বাচিত হলেও এলাকার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। দলের অনেক নেতা ঢাকায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন না। এমনকি যে কজন নেতা-সমর্থক সক্রিয়ভাবে তাঁর নির্বাচনী প্রচারণার কাজ চালান, তাঁদের অনেকেই বিভিন্নভাবে এ সরকারের আমলে বিপদগ্রস্ত হয়েছেন। তাই তাঁরা হতাশায় আছেন।
তবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, সৈয়দ আশরাফ রাজনীতিতে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনগণের কাছে কম আসা হলেও তাঁর সততার রাজনীতিকে এলাকার ভোটাররা গ্রহণ করেছেন। তিনি উপকার না করলেও কারও অপকার করেছেন এমন নজির নেই। তাই এ আসনে তাঁর বিজয় সুনিশ্চিত।
আফজলের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, এ আসনে বিএনপির ভোট সব সময়ই বেশি। শুধু দলীয় কোন্দলের কারণে দলের একটি অংশের ভোট বাইরে চলে যায়। এবার সবকিছু ঠিকঠাক করে উপযুক্ত ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে।
এই আসনে বিএনপির এক ডজন নেতা এবার মনোনয়নপ্রত্যাশী। তরুণ নেতারা প্রচারে এগিয়ে আছেন। এঁদের মধ্যে সৈয়দ আশরাফের কাছে তিনবার পরাজিত মাসুদ হিলালী এবারও প্রার্থী। আলোচিত সাবেক স্পেশাল জজ মো. রেজাউল করিম খান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক দাবি করে স্টেশন সড়কে বিশাল কার্যালয় নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুল সারোয়ার গ্রামে গ্রামে চিকিৎসা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি দলের প্রভাবশালী নেতা সদর উপজেলা বিএনপির একটি অংশের আহ্বায়ক মো. ওয়ালী উল্লাহ রব্বানী বিশাল প্ল্যাকার্ড নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। একই কলেজের আরেক সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ করে লোকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। আরেক নেতা সালাহউদ্দিন সেলু বিশাল তোরণ নির্মাণ করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির প্রভাবশালী নেতা মো. ইসরাইল মিয়াও ব্যানার, পোস্টার লাগিয়ে মাঠে নেমে পড়েছেন। ভোটাররা জানান, বিএনপি অতীতের দলাদলি ভুলে গিয়ে একক প্রার্থী দিলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিঃসন্দেহে বলা যায়।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু গত নির্বাচনে বিজয়ী হন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি জাপার নেতা-কর্মী ও তাঁর আজ্ঞাবহ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীকে নিয়ে এলাকা শাসন করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. নাসিরুল ইসলাম আওলাদ বলেন, সব সেক্টরে মুজিবুল হক ও তাঁর লোকজনের একক আধিপত্য থাকায় আওয়ামী লীগের সত্যিকার নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। অর্থের গন্ধ যেখানে তাঁর উপস্থিতি সেখানে। তাঁর সার্বিক কর্মকাণ্ড আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। এবারের নির্বাচনে দলীয় লোকজন তাঁকে প্রত্যাখ্যান করবে। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাংসদ মুজিবুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এই আসনে আওয়ামী লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সাংসদ মিজানুল হক, শেখ কবির আহমেদ, নাসিরুল ইসলাম আওলাদ, মাহবুব ইকবাল, আসাদুল হক ও এরশাদ উল্লাহ।
অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী হলেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক। বিগত বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী থাকার সময় তিনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন।
সম্প্রতি স্থানীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় ওসমান ফারুক বলেন, ‘দল মনোনয়ন দিলে নির্বাচন করব। আশা করি, ভোটাররা বিমুখ করবে না।’ এই আসনে এবার বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী হলেন জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লা। তিনি বলেন, ‘দলের দুর্দিনে সক্রিয়ভাবে রাজনীতি করেছি। একাধিকবার গ্রেপ্তার হয়েছি। আশা করি, দল এসবের মূল্যায়ন করবে।’
কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনে রাষ্ট্রপতি আবদুল হামিদ সাতবার নির্বাচিত হয়েছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর আসনটি শূন্য হয়ে পড়ে। এই আসনে গত ৩ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক বিজয়ী হন। রেজওয়ানকে মনোনয়ন দেওয়ায় দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
সাবেক এই স্পিকারের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে এলাকার মানুষের রয়েছে নানা অভিযোগ। বিশেষ করে হাওরের জলমহালগুলো এককভাবে আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করছেন। জেলা জলমহাল বরাদ্দ কমিটিতে তাঁর বোন আছিয়া আলম, মিঠামইন আওয়ামী লীগের সাবেক সভাপতি রইছ উদ্দিন এবং তাঁদের সমর্থক ইটনার ওয়ারা গ্রামের নুরু মিয়া রয়েছেন। তাঁরাই হাওরের সব জলমহাল প্রশাসনের মাধ্যমে নিজেদের লোকদের মধ্যে বরাদ্দ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেন বলে এলাকার লোকজনের অভিযোগ।
এই আসনে বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান ১৮-দলীয় জোটের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। ১৯৯৬ সালের নির্বাচনে সামান্য ভোটে আবদুল হামিদের কাছে পরাজিত হন তিনি। আসনটি এবার বিএনপি পাবে এমন আশা করছেন দলটির নেতা-কর্মীরা।
ইটনা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘রেজওয়ান কোনোদিন রাজনীতি করেননি। তিনি যে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, সেই নির্বাচন সুষ্ঠু হয়নি। সামনের নির্বাচনে ফজলুর রহমানের বিজয় সুনিশ্চিত।’
ফজলুর রহমান জানান, ‘দল মনোনয়ন দিলে নির্বাচন করব। হাওরের মানুষ সত্যিকারভাবেই পরিবর্তন চায়।’ এ ব্যাপারে সাংসদ রেজওয়ান আহমেদ বলেন, ‘হাওরের কাদা মাটির সাথে বাবার যেমন সম্পর্ক, আমারও তেমনি। উপনির্বাচনের পর থেকে এলাকায় পড়ে আছি। ভোটাররা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।’