
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন। আজ বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাঁদের পক্ষ থেকে দুই ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র কেনেন আতিকুর রহমান। কবরীর পক্ষে শহিদুল ইসলাম মনোনয়নপত্র কেনেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তরে গতকাল সোমবার মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। সব মিলিয়ে উত্তর সিটি থেকে এ পর্যন্ত মেয়র পদে ১৫, কাউন্সিলর পদে ২৬৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর দক্ষিণে মেয়র পদে নয়জন, কাউন্সিলর পদে ৫২৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: