মনোনয়নপত্র জমা দিতে না পারা ব্যক্তিরা আইনের আশ্রয় নেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে গিয়েও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগকারীরা আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁরা গণমাধ্যমকর্মীদের এমন কথা জানান।
অভিযোগকারীরা গতকাল নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের সঙ্গে দেখা করেন। তিনি তাঁদের জানান, এ ব্যাপারে কমিশনের কিছু করার নেই। কমিশন আর কোনো মনোনয়নপত্র জমা নিতে পারবে না।
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৫০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক এ কে এম নুরুজ্জামান পরে গণমাধ্যমকর্মীদের জানান, তাঁরা সঠিক সময়ে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন। কিন্তু কর্মকর্তাদের গাফিলতির কারণে তাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আনুষ্ঠানিক নিয়ম মেনে অগ্রসর হওয়ার পরও কোনো লাভ না হওয়ায় তাঁদের আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবতে হচ্ছে।
গত সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে দিনভর ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হতে ইচ্ছুক ২৫-৩০ জন অভিযোগকারী। যুব মহিলা লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠনের এই নারী-পুরুষেরা তাঁদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য পৃথক আবেদন জানান। অভিযোগকারীদের পক্ষে তিনজন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গেও দেখা করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ মার্চ বিকেল পাঁচটা।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১১ দিন সময় দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার পর মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো বিধান নেই। রিটার্নিং কর্মকর্তারা কোনো ভুল করেননি। এ ক্ষেত্রে বিশেষ বিবেচনারও কোনো সুযোগ নেই।