মনোনয়নপত্র জমা দিলেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। মোট চারজন এ পদে মনোনয়নপত্র জমা দেন।
এ বছরের ২৬ জুন উপজেলা চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে পদটি শূন্য হয়। তিনি বিএনএর (বাংলাদেশ জাতীয়তাবাদী জোট) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ছোট ভাই ছিলেন। এরপর নির্বাচন কমিশন আগামী ২১ সেপ্টেম্বর এ পদে উপনির্বাচন করার সিদ্ধান্ত নেয়। গত দুই দিন এ পদের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন গতকাল বিকেলে মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়া বাকি
দুজন হলেন রজ্জব আলী মোল্লা ও মেহবুব কবির।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ২৭ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।