মনোনয়নপত্র জমা দেওয়ার পরও প্রার্থীরা সংশয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৬ বছর পর ২৭ আগস্ট বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে পৌরবাসী ও প্রার্থীদের মধ্যে সংশয় রয়েছে।
বেড়া পৌরসভার সম্প্রসারিত অংশকে বাইরে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করায় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বেড়া পৌরসভাকে সম্প্রতি নির্বাচন অনুপযোগী হিসেবে তালিকাভুক্ত করে তা নির্বাচন কমিশনে পাঠানোয় এমন সংশয় দেখা দিয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এতে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বেড়া পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি। এরপর সীমানা-সংক্রান্ত জটিলতায় পাল্টাপাল্টি মামলা হলে বন্ধ হয়ে যায় পৌরসভার নির্বাচন। ২০১১ সালের ৭ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে মামলার নিষ্পত্তি হয়। রায়ে সাঁথিয়া উপজেলার করমজা হাটসহ আমাইকোলা, দত্তকান্দি ও করমজা নিশিবাড়ি বেড়া পৌরসভার অংশ হিসেবে স্বীকৃতি পায়। এরপর নিয়মমোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রসারিত অংশ নিয়ে ওয়ার্ড পুনর্গঠনের উদ্যোগ নেয়। তবে আজ পর্যন্ত সেই পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়নি।
এদিকে চলতি বছরের ৩ মার্চ উচ্চ আদালত নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। আদেশ মোতাবেক নির্বাচন কমিশন সম্প্রসারিত অংশকে বাইরে রেখে গত ৭ জুলাই বেড়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ আগস্ট এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (৩০ জুলাই)। এ ছাড়া প্রার্থিতা যাচাই-বাছাই ২ আগস্ট ও প্রত্যাহার ১০ আগস্ট রাখা হয়েছে।
পৌরসভার একটি অংশকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে সীমানা নিয়ে আবারও আইনি জটিলতা হতে পারে বলে মনে করছেন অনেকে। এমন জটিলতার কারণে শেষ পর্যন্ত নির্বাচন পিছিয়ে যেতেও পারে বলে অনেকের ধারণা।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২২ জুলাই উচ্চ আদালতে মামলা অনিষ্পন্ন থাকা এবং পৌরসভার এলাকা সম্প্রসারণ ও ওয়ার্ড বিভক্তকরণ কার্যক্রম চলমান থাকার কারণে দেশের ৩০টি পৌরসভাকে নির্বাচনে অনুপযোগী হিসেবে তালিকাভুক্ত করে তা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত ওই তালিকায় বেড়া পৌরসভাও রয়েছে। বেড়া পৌরসভাকে নির্বাচনে অনুপযোগী হিসেবে তালিকাভুক্ত করার ক্ষেত্রে মন্তব্যের ঘরে লেখা রয়েছে—‘সীমানা সম্প্রসারণ বিষয়ে হাইকোর্টে মামলা থাকায় সঠিক সময়ে নির্বাচন হয়নি। বর্তমানে মামলা নিষ্পত্তি হয়েছে। নির্বাচনের লক্ষ্যে ওয়ার্ড পুনর্গঠনের কাজ চলছে।’
এ কারণেও পৌরবাসীর মধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সংশয় থাকায় তাঁদের মধ্যে পুরোপুরি নির্বাচনী আমেজ এখনো সৃষ্টি হয়নি।
এদিকে সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শুধু পৌরবাসীর মধ্যেই নয়, প্রার্থীদের মধ্যেও আশঙ্কা সৃষ্টি হয়েছে। চায়ের দোকানসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এখন এটিই আলোচনার বিষয়।
পৌর এলাকার বনগ্রাম মহল্লার জানে আলম, বেড়া বাজারের ব্যবসায়ী এনামুল হক, বকুল মোল্লাসহ ১০ থেকে ১২ জন পৌরবাসী বলেন, নির্ধারিত তারিখে পৌর নির্বাচন হবে কি না, তা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল লতিফ বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন নিয়ে সংশয় থাকায় প্রচারের কাজ ভালোভাবে এখনো শুরু করিনি।’
বেড়া পৌরসভার বর্তমান মেয়র ও মেয়র পদপ্রার্থী আবদুল বাতেন বলেন, ‘পৌর নির্বাচন একান্তভাবে আমার কাম্য। তবে পৌরসভার অবিচ্ছেদ্য অংশকে বাদ রেখে নির্বাচন হলে পৌরসভা ও পৌরবাসী উভয়েই ক্ষতিগ্রস্ত হবে।’
বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাজেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আপাতত কোনো সংশয় আমাদের নেই। নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’