নির্ধারিত সময়ে গিয়েও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ করা বেশ কয়েকজনের মনোনয়নপত্র অবশেষে জমা নেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার তাঁদের মনোনয়নপত্র জমা নেয় নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র জমা দিতে না পারা ব্যক্তিদের পক্ষে গতকাল আইনজীবী মনজিল মোরসেদ এবং মো. সাইদুর রহমান হাইকোর্টে দুটি রিট আবেদন করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে বিকেল চারটায় তাঁদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। একই সঙ্গে মনোনয়নপত্র বাছাইয়েরও নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সিটিতে ১৪টির মতো মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২৯ মার্চ বিকেল পাঁচটা। ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক বেশ কয়েকজন অভিযোগ করেন, তাঁরা নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকলেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি। পরে তাঁরা নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। এমন অভিযোগ করা ২৫-৩০ জন নারী-পুরুষ গত সোমবার দিনভর নির্বাচন কমিশনে অবস্থান করেন। যুব মহিলা লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠনের এই নারী-পুরুষেরা তাঁদের মনোনয়নপত্র জমা নিতে কমিশনে পৃথক আবেদন জানান। তাঁদের পক্ষে তিনজন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গেও দেখা করেন।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেছিলেন, এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে ১১ দিন সময় দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার পর মনোনয়নপত্র জমা নেওয়ার বিধান নেই। রিটার্নিং কর্মকর্তারা কোনো ভুল করেননি। এ ক্ষেত্রে বিশেষ বিবেচনারও কোনো সুযোগ নেই।
গতকাল সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানান যাত্রাবাড়ী ও ডেমরা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নুরুজ্জামান। তিনি প্রথম আলোকে জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে অপেক্ষা করতে বলেছেন দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সাইদুর রহমান জানান, প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা সময়মতো উপস্থিত হলেও তাঁদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। পরে নির্বাচন কমিশনও এ বিষয়ে সিদ্ধান্ত দিতে গড়িমসি করে। এ ধরনের অবৈধ কাজকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আদালত মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দেন।
সাইদুর রহমান দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক এ কে এম নুরুজ্জামান, মতিউর রহমান, লোকমান হোসেন, সোহরাব হোসেন এবং উত্তরের সেতু রহমান, হাসনা বেগম ও আলেয়া আক্তারের পক্ষে ছিলেন।
মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আবেদনকারীরা নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁদের মনোনয়নপত্র গ্রহণ না করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে আদালত চার সপ্তাহের রুল জারি করেন।