মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ রোববার মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। গতকাল শনিবার পর্যন্ত মেয়র পদে ঢাকা উত্তর সিটিতে ২৮ এবং দক্ষিণ সিটিতে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল উত্তর সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সমর্থিত (সিপিবি) প্রার্থী আবদুল্লাহ আল কাফি। এ ছাড়া কাউন্সিলর পদে ৭৪ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন। দক্ষিণ সিটিতে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৭৭ এবং সংরক্ষিত কাউন্সিল পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।
১০৪ জনকে সতর্ক: ঢাকা উত্তর সিটিতে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গতকাল সিপিবির প্রার্থী আবদুল্লাহ আল কাফি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার মেয়র প্রার্থী হিসেবে আনিসুল হক ও মোহাম্মদ সাঈদ খোকনকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। দলের অন্য কাউকে নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার জানামতে প্রধানমন্ত্রী এমন কিছু করেননি। তবে যদি করে থাকেন, কমিশন ব্যবস্থা নেবে।’
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, উত্তর সিটিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা এখলাস উদ্দিন মোল্লাহ ও শামছুল আলম চৌধুরীকে নোটিশ দিয়ে এবং সরকারি দল-সমর্থিত আনিসুল হককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে এই সিটিতে ২৩ জন সম্ভাব্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দক্ষিণে গতকাল ১৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে ৮১ জনকে নোটিশ দেওয়া হয়েছে।