মনোনয়নপত্র জমার সময় বাড়ছে
সরকারি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তাদের মতে, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সাত দিন যথেষ্ট সময় নয়। ইতিমধ্যে জাতীয় পার্টিও একই রকম দাবি করেছে, যে কারণে কমিশন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর চিন্তাভাবনা করছে। এ বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত হতে পারে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর।
এদিকে, গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নেওয়া নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকার নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও তিন পার্বত্য জেলার চেয়ারম্যানের পদ লাভজনক। সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে তাঁদের পদত্যাগ করতে হবে। তবে জানতে চাইলে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।
উপজেলা চেয়ারম্যানদের পদ লাভজনক নাকি অলাভজনক—এই সিদ্ধান্ত জানতে গতকাল উপজেলা চেয়ারম্যানদের অনেককে নির্বাচন কমিশনে ঘোরাঘুরি করতে দেখা গেছে। উচ্চ আদালতের রায়ে সিটি করপোরেশনের মেয়রের পদকে লাভজনক এবং পৌর মেয়রের পদকে অলাভজনক বলা হয়েছে।