মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ছে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, মনোনয়নপত্র দাখিলের তারিখ অপরিবর্তিত থাকবে। তফসিল আগেই ঘোষণা করা হয়েছে। এতে করে সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। তাই এ ক্ষেত্রে নির্ধারিত তারিখই বহাল থাকবে।
আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের সিইসি এ কথা বলেন। রাত আটটার দিকে কার্যালয় থেকে বের হওয়ার সময় সিইসি আবারও দুদলের মধ্যে সমঝোতার ব্যাপারে আশা প্রকাশ করেন।
মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো না হলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারছে না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ‘বিরোধী দল, জোটকে নির্বাচনে আনার জন্য দেরি করেছি। যদি আসেন, সমঝোতা হয় তখন সব দ্বারই খোলা থাকবে। তখন বিষয়টি অন্যভাবে দেখা হবে।’
সমঝোতার আর সুযোগ আছে কি না বা ইসি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কি না, গণমাধ্যমের কর্মীদের এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘ইসির সাংবিধানিক অবস্থান থেকে মধ্যস্থতা করা সমস্যার বিষয়। দুই দলের মধ্যে মধ্যস্থতা করতে গেলে কেউ বলতে পারে ইসি সেই দলের পক্ষ নিয়েছে। তাই আমরা ইনকারেজ করছি সমঝোতা হোক।’
নির্বাচন ছাড়া গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার উপায় নেই, দুটি দলই অভিজ্ঞ দল, তারা গণতন্ত্র ও জনগণের পালস বোঝে বলেও সিইসি মন্তব্য করেন।
তফসিল ঘোষণার পর থেকে দেশব্যাপী অবরোধের কারণে প্রার্থীরা নির্বাচনী এলাকায় যেতে পারছেন না, তাঁদের কী হবে—এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘প্রার্থীরা নির্বাচনী এলাকায় পৌঁছে গেছেন। আশা করছি তাঁরা ঠিক সময়েই মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।’
দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে তফসিল পুনর্নির্ধারণ হবে কি না, গণমাধ্যমের কর্মীদের এ প্রশ্নের উত্তরে সিইসি সরাসরি কিছু বলেননি। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হোক, তা সবাই চায়। আমরাও চাই। সে কারণে তফসিল ঘোষণা করতেও দেরি করা হয়। রাষ্ট্রপতি যাতে সমঝোতার জন্য কোনো ব্যবস্থা নেন, তারও আহ্বান জানানো হয়। রাষ্ট্রপতিও ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সব মিলে এ তফসিল ঘোষণা করা হয়।’
আন্তর্জাতিক পর্যায়ের পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে সিইসি বলেন, ‘সকলেরই নিরাপত্তার প্রশ্ন রয়েছে। আমরা চাই সবার নিরাপত্তা থাক। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশি পর্যবেক্ষকদের বেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’