মনোনয়নপত্র নিলেন মির্জা আব্বাস ও আসাদুজ্জামান রিপন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য বিএনপির আরও দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
গতকাল শুক্রবার মির্জা আব্বাসের পক্ষে এ কে এম শাহজাহান রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানিয়েছেন, গতকাল পর্যন্ত দক্ষিণ সিটিতে মেয়র পদে ৩০ জন, কাউন্সিলর পদে ৭৫০ এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা নাদের চৌধুরী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত মেয়র পদে ৩০ জন, কাউন্সিলর পদে এক হাজার ৪১ এবং সংরক্ষিত পদের জন্য ১৯৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।