কিশোরগঞ্জ-৪ (ইটনা- অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহম্মদ এবং অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল
ইসলামের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে চূড়ান্ত প্রার্থী হিসেবে এই দুজনই লড়াইয়ে থাকছেন।
৯ জুন মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন শুধু আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে অন্য দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন। কিন্তু মহিতুল নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী ঢাকায় নির্বাচন কমিশনে ১০ জুন আপিল করেন। ১৩ জুন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ ও অপর কমিশনারদের উপস্থিতিতে শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিতুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩ জুলাই। মহিতুল জানান, আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ানের নৌকা মার্কা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি টেলিভিশন বা ফুটবল প্রতীক চাইবেন।
রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মো. আশরাফুল আলম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে যাবতীয় প্রস্তুতি এগিয়ে চলছে।
সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসনটি শূন্য হয়। এ আসন থেকে হামিদ সাতবার সাংসদ নির্বাচিত হন।