মনোনয়নপত্র সংগ্রহ করেননি নাসিম ওসমানের পরিবারের সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী গোলাম মসিহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার তিনিসহ দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন অফিস জানিয়েছে। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে আজ পর্যন্ত এ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পরিবারের কোনো সদস্যই মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন সাবেক সাংসদ এস এম আকরাম, জাতীয় পার্টির নেতা গোলাম মসিহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, দলটির অপর দুই নেতা ইকবাল সিদ্দিকী ও শফিকুল ইসলাম দেলোয়ার, বিএনএফের আবু হামিদুর রেজা খান ভাসানী ও সাঈদ আহম্মেদ।
জাপা-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নাসিম ওসমানের শূন্য আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁর স্ত্রী পারভীন ওসমান ও বড় মেয়ে আফরিন ওসমানের নাম শোনা যাচ্ছিল। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তাঁর স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মধ্যে প্রার্থী নিয়ে টানাপোড়েন শুরু হয়। এরশাদ চান এ আসন থেকে তাঁর ছোট ভাই জি এম কাদের বা আফরিন ওসমান প্রতিদ্বন্দ্বিতা করুক। আর রওশন এরশাদ চান গোলাম মসিহ প্রার্থী হোন।
আগামী ১ জুন মনোনয়নপত্র বাছাই এবং ৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।