মনোনয়নপ্রত্যাশীদের ঘিরে দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে থেকেই তিন ভাগে বিভক্ত সুনামগঞ্জ জেলা বিএনপি। সেই বিভেদ এবার আরও বেড়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া নিয়ে। জেলার পাঁচটি নির্বাচনী আসনে দলের অন্তত ২০ জন ও জোটের দুজন নেতা মনোনয়নের প্রত্যাশায় গণসংযোগ শুরু করেছেন। তাঁদের ঘিরে বিভক্ত তৃণমূল নেতা-কর্মীরাও।
এ প্রসঙ্গে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ ওরফে মিলন বলেন, ‘এখন বিএনপির প্রধান দাবি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। যেহেতু নির্বাচন সামনে, তাই বড় দল হিসেবে এখানে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা থাকবেই। সেটা যেন সংগঠনকে বিব্রত বা ক্ষতিগ্রস্ত না করে, আমরা সেই চেষ্টা করছি।’
বিএনপির নেতা-কর্মীরা জানান, জেলা বিএনপির তিন ভাগের এক পক্ষের নেতৃত্বে আছেন সভাপতি ও সাবেক সাংসদ মোহামঞ্চদ ফজলুল হক আছপিয়া ও সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ। অপরপক্ষে জেলা কমিটির দুই সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। তৃতীয় পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, যুগ্ম সাধারণ আবুল মনসুর শওকতসহ কয়েকজন সাবেক ছাত্রনেতা।
গত ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহামঞ্চদ শাহজাহান দলকে ঐক্যবদ্ধ ও গতিশীল করতে সুনামগঞ্জ সফরে আসেন। তিনি ফজলুল-কলিম পক্ষকে নিয়ে শহরের একটি কমিউনিটি সেন্টারে সভা করেন। এরপর সুনামগঞ্জ থেকে চলে যেতে চাইলে অন্য দুই পক্ষের নেতা-কর্মীরা তাঁদের পথরোধ করেন। পরে শাহজাহান তাঁদের সঙ্গেও পৃথক বৈঠক করতে বাধ্য হন।
বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী ছিলেন জেলা বিএনপির বর্তমান সহসভাপতি রফিক চৌধুরী। তিনি এবারও মনোনয়ন চাইবেন। এর বাইরে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, জেলার সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নজির হোসেন, আরেক সহসভাপতি আবদুল মোতালেব খান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও আবদুস শহীদ চৌধুরী। ১৮-দলীয় জোট থেকে মনোনয়ন চাইবেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শুয়াইব আহমদ।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে গত নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের শাহীনুর পাশা চৌধুরী। এবার বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহসভাপতি সৈয়দ আলী আহমদ, জসিম উদ্দিন শামীম, রেজাউল কবির জায়গীরদার রাজা ও আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে গত চারটি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ফজলুল হক আছপিয়া। পাশাপাশি এবার মনোনয়ন চাইবেন দেওয়ান জয়নুল জাকেরীন, নাদীর আহমদ, আবুল মনসুর শওকত ও আবদুল হক। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও জেলা কমিটির সহসভাপতি সৈয়দ মুনসিফ আলীকে ঘিরে নেতা-কর্মীরা তিন ভাগে বিভক্ত। এই তিন নেতাই মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘মনোনয়নপ্রত্যাশীদের ঘিরেই এখন মূলত নেতা-কর্মীরা বিভক্ত।’ কলিম উদ্দিন আহমদ বলেন, ‘আমরা দলের ভেতরের সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে সফলতা আছে। আশা করি, সামনে কোনো বিভেদ থাকবে না।’