ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা পৃথকভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচির মাধ্যমে তাঁরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেছেন।
গৌরীপুরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলের মধ্যে দ্বন্দ্ব চলছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক নেতা। গত বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আলাদাভাবে পালন করেছেন মনোনয়নপ্রত্যাশীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান নিজ সমর্থকদের নিয়ে দিবসটি পালন করেন। ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সামীউল আলম অংশ নেন।
এদিকে ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শোক র্যালি শেষে পাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ আবদুস ছাত্তার অংশ নেন। একই সময়ে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী মাহমুদ হাসান স্থানীয় গো-হাটায় পৌর আওয়ামী লীগের ব্যানারে জাতীয় শোক দিবসের পৃথক কর্মসূচির নামে নির্বাচনী মহড়া দিয়েছেন বলে অভিযোগ করেছেন দলীয় নেতারা।
মাহমুদ হাসানের ছোট ভাই আবুল খায়ের জানান, ৪০টি ট্রাক ও ৬০টি পিকআপ ভ্যানে করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১৫ হাজার লোক কর্মসূচিতে অংশ নিয়েছেন।
নেতা-কর্মীদের অভিযোগ, অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজনকে মাহমুদ হাসানের নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এ ছাড়া কয়েকটি ট্রাকে মাহমুদ হাসানের ছবিও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন নিয়ে সাংসদ আবদুস সাত্তার ও মাহমুদের পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিরাপত্তার জন্য এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম বৃহস্পতিবার বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মাহমুদ হাসান নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
মাহমুদ বলেন, ‘এটা কোনো নির্বাচনী প্রচারণা ছিল না। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের আয়োজন ছিল। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।’