মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ, ভাঙচুর ও অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নাম না থাকায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একযোগে পদত্যাগ করেছেন। মনোনয়নবঞ্চিত মাদারীপুর ও গাইবান্ধার দুটি আসনের দুজন প্রার্থীর সমর্থকেরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। ময়মনসিংহের ত্রিশালে বর্তমান সাংসদকে আবার মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা সন্ধ্যায় একযোগে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সভাপতি এ কে এম ইউসুফজী খান বলেন, ‘আবদুল লতিফ বিশ্বাস বেলকুচি-চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি ধরে রাখাসহ সংগঠনকে শক্তিশালী করেছেন। তাঁকে মনোনয়ন না দেওয়ায় সবাই একযোগে পদত্যাগ করেছি।’
কালকিনি (মাদারীপুর): মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনের মনোনয়নবঞ্চিত সাংসদ সৈয়দ আবুল হোসেনের অনুসারী নেতা-কর্মীরা গতকাল শুক্রবার কালকিনি উপজেলায় বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দলীয় মনোনয়ন দেওয়ার খবরে উত্তেজিত হয়ে তাঁরা রাস্তায় নেমে আসেন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতেই নেতা-কর্মীরা উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে লাঠিসোঁটাসহ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা কালকিনি থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে টায়ার জ্বালিয়ে ভূরঘাটা-কালকিনি সড়ক অবরোধ করেন।
গতকাল সকাল ১০টার দিকে আবারও কয়েক হাজার নেতা-কর্মী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় সড়ক অবরোধ করেন। এ সময় বাস, ট্রাক, ইজিবাইকসহ অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন আবুল হোসেনের সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
গাইবান্ধা: গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থকেরা গোবিন্দগঞ্জ চৌরাস্তা মোড়ে গতকাল সন্ধ্যায় সড়ক অবরোধ করেন।
ত্রিশাল (ময়মনসিংহ): বর্তমান সাংসদ রেজা আলীকে আবার মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুরে ত্রিশালের আওয়ামী লীগসহ সর্বস্তরের লোকজন ক্ষোভে রাস্তায় নেমে আসেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও রেজা আলীর কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় রেজা আলীর সমর্থকেরা এগিয়ে এলে লোকজন তাঁদের পিটিয়ে আহত করেন।