নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রীতিমতো লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন আপন মামা-ভাগনে। দুজনই মনোনয়ন পাওয়ার ব্যাপারে সমান আশাবাদী।
ওই মামা হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ। তাঁর ভাগনে হলেন জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র জাতীয় পার্টি (জাপা) থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ইলিয়াছ হোসেন।
গতকাল শনিবার দুপুরে এ নিয়ে কথা হয় আবদুল ওয়াহেদের সঙ্গে। তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তারপরও দল যাঁকেই মনোনয়ন দেবে, আমরা মেনে নিয়ে তাঁর পক্ষে কাজ করব। কিন্তু তফসিল ঘোষণার পর দলে যোগদানকারীকে (ভাগনে) মনোনয়ন দিলে বিরোধিতা করব।’
ইলিয়াছ হোসেন বলেন, ‘কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আমি জাপা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। রোববার (আজ) জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী।’
ইলিয়াছ হোসেন বলেন, ‘গত চার বছরে আমি জলঢাকা পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন করেছি। শহরকে কাদামুক্ত করেছি। নাগরিক সেবা বৃদ্ধি করেছি। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নেই। সে হিসেবে জনগণ আমাকে ভোট দেবে। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’